কলা কেন্দ্র নিয়মিত শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করছে। এবার তারা আনছে শিল্পী অমিতাভ সরকারের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী ‘অ/প্রাসঙ্গিক’(পেইন্টিং/মিশ্র মাধ্যম)। আজ সন্ধ্যা ৬টায় এর উদ্বোধন হবে। প্রদর্শনীটি কিউরেট করছেন শার্মিলি রহমান।
প্রদর্শনী সম্পর্কে ওয়াকিলুর রহমান বলেন, ‘অস্তিত্বের উপলব্ধি একটি ক্ষণস্থায়ী জৈবিক ঘটনা। আমাদের মনন-মেজাজ, অনুভূতি-উপলব্ধি, অভিজ্ঞতা ক্ষণস্থায়ী। প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রকৃতি পর্যবেক্ষণে, যাপিত জীবনে অস্তিত্বের সংশয়-সংকট তৈরি করে. যা উদযাপনে প্রকাশ স্বাভাবিকভাবেই যেন ধাবিত হয় বিমূর্ততায়।
জলে-কাদায়, ঝড়-ঝাপটায়, আলোয়-বাতাসে, অন্ধকারে অস্তিত্বের সংকট হয়ে ওঠে সময়ের সঙ্গী। শিল্পীর বাল্যকাল বা বেড়ে ওঠা দক্ষিণ বাংলার উপকূলে। বাংলাদেশ ও ভারতে তার শিল্পপাঠ গ্রহণ।
কলা কেন্দ্রের আয়োজনের সঙ্গে থেকে অন্যান্য নবীন শিল্পী ও শিল্পের ঘনিষ্ঠতায় নিজেকে বোঝার এবং প্রকাশের পথ খোঁজায় নিবেদিত হয়ে প্রকৃতির রঙ, রেখা, গঠনবিন্যাস, উপাদান, আলো-ছায়া নিয়ে মগ্নতায় কেটেছে তার সময়।
মূল সুর ‘অনানুষ্ঠানিক’ ঘরানার হলেও অতি আবেগী হতে পারেন না তিনি, প্রথা মেনেই প্রথাবিরোধী হতে চান। শক্তিশালী প্রকৃতির গভীর চিহ্ন, ছাপ, জীবন অভিজ্ঞতা ও গল্পের যেন কোনো মূর্ত রূপ নেই তার কাছে। শিল্পী অমিতাভ সরকার বলেন, ‘কাদা-মাটি, পানি, বাতাস, আকাশ এবং প্রতিটি ব্রাশের আঁচড় ও রঙের পরিবর্তনে প্রকৃতির রূপবদল, বৈচিত্র্য। যেখানে ফর্ম, রঙ ও রেখায় ক্যানভাস হয়ে ওঠে প্রকৃতির অংশ।’
এ উপকরণগুলো আমাদের মাটি, প্রকৃতি ও জৈব সংযোগের প্রতিনিধিত্ব করে, জীবনের স্পর্শকাতর ও সংবেদনশীল দিকগুলোর ওপর জোর দেয় এবং সংযুক্ত হওয়ার আমন্ত্রণ জানায়। উপস্থিতি ও অনুপস্থিতির একটি সংলাপ তৈরি করে। প্রতীক চিহেহেৃর ব্যবহার ও প্রসারণ ঘটায়, যা প্রায়ই চিত্রায়ণ করার পরিবর্তে পরামর্শ দেয়। দর্শকের অদেখা, অদৃশ্য ও অনুভূতিকে জাগিয়ে তোলার বিষয়গুলো নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানায়।’
প্রদর্শনী চলবে ১৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী।










