সিনেমা পরিচালনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন ড্যানিয়েল র্যাডক্লিফ। হ্যারি পটারখ্যাত এ অভিনেতা জানিয়েছেন, পরিচালনার কাজে মনোযোগ দেবেন তিনি। চিত্রনাট্য নিয়েও ভেবে রেখেছেন র্যাডক্লিফ। তিনি বলেন, ‘আমার মাথায় একটি পরিকল্পনা আছে এবং আমি তা লিখে রেখেছি। আশা করছি আমি পরিচালনায় যাব।’
হ্যারি পটারের জন্য বিখ্যাত হলেও মঞ্চ ও টিভি সিরিজের জন্যও ড্যানিয়েলের খ্যাতি রয়েছে। তিনি মঞ্চে ‘একুস’
‘প্রাইভেসি’
এবং টিভি সিরিজ মিরাকল ওয়ার্কার্সে অভিনয় করেছেন। এসব কারণে ড্যানিয়েলের জীবন বৈচিত্র্যময়। তিনি বলেন, ‘লোকে বলে একজন যা জানে, তার সে বিষয়েই লেখা উচিত। আমার জীবন দুর্বোধ্য, তাই আমি সে সম্পর্কে কিছু লিখতে চাই না। আমি যা লিখেছি তা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কিত।’
র্যাডক্লিফের সিনেমায় চলচ্চিত্র জগতের নানা বিষয় উঠে আসবে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না। তিনি সেকথা বলেননি। তবে নিজের পরিচালনায় তিনি অভিনয় করবেন না। কেবল ক্যামেরার পেছনেই থাকবেন। অভিনয় কেন করবেন না, সে সম্পর্কে ধারণা দিয়েছেন। ড্যানিয়েল বলেন, ‘দুটো কারণ—প্রথমত, আমি এ কাজটা কখনো করিনি। তাই একসঙ্গে অভিনয় ও পরিচালনা করতে চাই না। এটা আংশিক কারণ। এছাড়া আরেকটি কারণ হলো, পরিচালনা করলে সে সিনেমাটা বহুবার দেখতে হয়। আমি নিজের চেহারা এতবার দেখতে চাই না।’
৩২ বছর বয়সী র্যাডক্লিফ ক্যামেরার পেছনে কেমন কাজ করবেন তা নিয়ে সবারই কৌতূহল কাজ করছে। কিন্তু খুব দ্রুতই তাকে পরিচালকের আসনে দেখা যাচ্ছে না। বছর দুয়েক সময় নিচ্ছেন তিনি। র্যাডক্লিফ বলেন, ‘বছর দুয়েকের মধ্যে শুরু করব। কেননা আগামী ১৮ মাস আমি নানা কাজে ব্যস্ত থাকব।’
সান্দ্রা বুলক ও ব্র্যাড পিটের সঙ্গে র্যাডক্লিফ অভিনীত দ্য লস্ট সিটি মুক্তি পেয়েছে ১৫ এপ্রিল। এরপর তিনি উইয়ার্ড অ্যাল ইয়াকোভিচের বায়োপিকে অভিনয় করবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










