এক দশক পার করল কোরিয়ান ব্যান্ড বিটিএস। কে-পপে তারা এনেছে নতুন ধারা। সংগীত, পারফরম্যান্স আর নিজেদের উপস্থাপনে তারা এমন জনপ্রিয়তা তৈরি করেছেন যে পৌঁছে গেছেন বিশ্বের কোণে কোণে। বিটিএস এখন স্বনামে পরিচিত। আলাদা কোনো পরিচিতির দরকার হয় না। সাত সদস্যের ব্যান্ডটি ১০ বছর পার করে পা রেখেছে ১১তে। এক দশক পার করা নিয়ে সারা বিশ্বেই তাদের ভক্তরা আনন্দিত। ব্যান্ডটিকে তারা নানাভাবে ট্রিবিউট করেছেন। গান ও নাচের কভারসহ নানা আয়োজন তো ভক্তদের পক্ষ থেকে সারা বছরই চলতে থাকে। ১০ বছর পূর্তিতে এ সবকিছুর জন্য ভক্তদের ধন্যবাদ দিয়েছেন ব্যান্ডের সদস্যরা। বিটিএসের পক্ষ থেকে উইভার্সে জিন একটি বার্তা পোস্ট করেছেন। এছাড়া প্রত্যেকে আলাদা করেও নিজেদের কথা বলেছেন।

৩০ বছর বয়সী ভোকালিস্ট জিন জানান, ‌তিনি বিটিএসের ১০ বছর উদযাপনে থাকতে না পেরে কিছুটা বিষণ্ন। সেনাবাহিনীতে থাকার কারণে তিনি উদযাপনে থাকতে পারেননি। জিন লিখেছেন, ‘‌সেনাবাহিনীতে আসার আগে আমার আরো কনটেন্ট তৈরি করা উচিত ছিল। আমি জানি না কীভাবে এর জন্য দুঃখ প্রকাশ করব। তবে যতদূর জানি, বাকি সদস্যরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে ১০ বছর পূর্তি পালন করছেন।’ গ্রুপের বর্তমান প্রধান আরএম। তিনি লিখেছেন, ‘আমি যত বড় হচ্ছি, বুঝতে‌ পারছি শব্দ দিয়ে সব প্রকাশ করা যায় না। আর যা এখন মনে হয় বদলাবে না, তাও একদিন বদলে যাবে।’

ব্যান্ডের আরেক সদস্য জিমিন বিটিএস ভক্তদের তাদের নিয়মিত সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘‌আমি আর্মির উদ্দেশে আগেও বলেছি, ক্রমাগত সমর্থন জানিয়ে যাওয়ার বিষয়টি সহজ নয়। আপনারাও সেটা জানেন। আর্মির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমরা আরো বহুদিন এভাবেই সমর্থন পেতে চাই।’ অন্যদিকে ভি পর্দার আড়ালের কিছু দৃশ্য শেয়ার করেছেন। তিনি এভাবেই নিজেদের গান ও মিউজিক ভিডিওর নেপথ্য গল্প শেয়ার করার মাধ্যমে তাদের ভক্ত, সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন। এছাড়া বিগ হিট মিউজিকের তত্ত্বাবধানে বিটিএস তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে একটি নতুন গান প্রকাশ করেছে। টেক টু নামের শিরোনামের গানটি এরই মধ্যে বিটিএস ভক্তদের প্রশংসা পেতে শুরু করেছে।

কে-পপ ব্যান্ড বিটিএস শুরু হয় ২০১৩ সালের ১২ জুন। ১০ বছরে তাদের গানগুলো বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়, তবে এর মধ্যে এগিয়ে আছে ‘‌ব্লাড সোয়েট টিয়ারস’, ‘‌বয় ইন লাভ’, ‘‌অন’, ‘‌বাটার’ ও ‘‌ডাইনামাইট’ সবচেয়ে বেশি জনপ্রিয়।

সূত্র: ইয়ন