রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর কাজের গতিতে একটুও ভাটা পড়েনি আলিয়া ভাটের। করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানির শুটিং তিনি প্রায় শেষ করে এনেছেন। আর এর মধ্যেই নতুন কাজের খবর পাওয়া গিয়েছে। এবার হলিউডে অভিষেক হতে যাচ্ছে আলিয়ার। দিন দশেকের মধ্যে তিনি যুক্তরাজ্যে যাবেন শুটিং করতে। নেটফ্লিক্স অরিজিনাল ফিচারস—হার্ট অব স্টোন সিনেমায় আরো আছেন ওয়ান্ডার ওম্যানখ্যাত গাল গাদোত ও জেমি ডরনান। গাদোতকে দেখা যাবে মুখ্য চরিত্র র্যাচেল স্টোনের চরিত্রে আর আলিয়ার চরিত্রের নাম রোজি।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলা এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘রকি অউর রানি কি প্রেম কাহানির কাজ শেষ করেই আলিয়া লম্বা সময়ের জন্য শুটিং করতে উড়াল দেবেন যুক্তরাজ্যের উদ্দেশে। এটি হবে টম হার্পারের একটি স্পাই থ্রিলার। মে থেকে আগস্ট পর্যন্ত শুটিং চলবে। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে।’

হলিউডের জন্য এ কাজ শেষ করে সেপ্টেম্বরে আলিয়া ভাট যুক্ত হবেন ফারহান আখতারের জি লে জারা সিনেমায়। নারী চরিত্রনির্ভর এ সিনেমায় আলিয়ার সঙ্গে থাকবেন ক্যাটরিনা কাইফ ও প্রিয়াংকা চোপড়া। এখানেই শেষ নয়। সামনের বছর ভ্যালেন্টাইন ডেতে মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহানি এবং ততদিনে আলিয়া সঞ্জয় লীলা বানসালির বাইজু বাওরায় কাজ শুরু করে দেবেন।

 সূত্র: পিংকভিলা