সিনেমা মুক্তি পাচ্ছে কিন্তু বক্স অফিসে চলছে না। লোকে তাকে নিয়ে হাসাহাসিও করছে। এর মধ্যেও নানা সমাজকল্যাণে এগিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। সম্প্রতি দরগা সংস্কারে দান করেছেন এ অভিনেতা। মুম্বাইয়ের হাজি আলি দরগার একটি অংশের মেরামতির জন্য অর্থ সাহায্য করলেন বলিউডের ‘খিলাড়ি কুমার’।

বৃহস্পতিবার হাজি আলি দরগা পরিদর্শন করেন অক্ষয়। অভিনেতার সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় খুব দ্রুত। তার পরেই দরগার তরফে সমাজমাধ্যমে জানিয়ে দেয়া হয় অক্ষয় দরগা মেরামতির জন্য ১ কোটি ২১ লাখ রুপি দান করেছেন। দরগার তরফ থেকে এক্সে (সাবেক টুইটার) লেখা হয়েছে, ‘সুপারস্টার অক্ষয় কুমার হাজি আলি দরগার একটি অংশের সংস্কারের দায়িত্ব নিয়েছেন।’ পাশাপাশি ইনস্টাগ্রামেও একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অক্ষয় দরগা ঘুরে দেখছেন। কর্তব্যরত কর্মীদের সঙ্গে তিনি ছবিও তোলেন। এছাড়া সুহেল খান্দওয়ানি একটি পোস্টে জানান, অক্ষয় মোট ১ কোটি ২১ লাখ রুপি দান করেছেন।

অক্ষয়ের ভিডিও প্রকাশ হওয়ার পর তার প্রশংসা হচ্ছে। কারো মতে, অক্ষয় সবসময়েই পেশার বাইরে ভালো কাজ করার চেষ্টা করেন। আবার কেউ কমেন্টে লিখেছে, ‘আপনি প্রকৃত অর্থেই দরদি। আপনাকে নিয়ে আমরা গর্বিত।’

অবশ্য এ প্রথম নয়। সম্প্রতি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিকের কথা জানা গেলে অক্ষয় তার পারিশ্রমিক নিতে রাজি হননি। মূলত প্রযোজনা প্রতিষ্ঠান ঋণের মধ্যে থাকায় তিনি এ সিদ্ধান্ত নেন। এ মুহূর্তে অক্ষয় ‘খেল খেল মে’র প্রচারে ব্যস্ত। সিনেমায় তার সঙ্গে রয়েছেন বাণী কাপুর, তাপসী পান্না, ফরদিন খান, আমি ভির্ক প্রমুখ। ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সারফিরা বক্স অফিসে ব্যর্থ হয়েছে। আশা করা হচ্ছে, খেল খেল মে ভালো করবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস