মহামারীর সময়ে বড় মন্দায় পড়ে বলিউড। সে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ২০২২ সালকে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। কিছুদিন আগেই মুক্তি পায় জনপ্রিয় তারকা রণবীর সিং অভিনীত জয়েশভাই জোরদার। সিনেমাটিতে সমাজে প্রচলিত কিছু ভুল ধারণার পরিবর্তনের কথা বলা হয়েছে। মেগা তারকা রণবীর সিং থাকায় সিনেমাটি বক্স অফিসে সাফল্যের দেখা পাবে এমনটাই কাম্য ছিল। তবে দেখা গেল যশ রাজ ফিল্মের ব্যানারের সিনেমা জয়েশভাই জোরদার মুক্তির দিন আয় করেছে মাত্র ৩ দশমিক ২৫ কোটি রুপি। পুরো সপ্তাহে সিনেমাটির আয় মাত্র ১২ কোটি রুপি, যা হতাশ করেছে ট্রেড অ্যানালিস্টদের। একইভাবে রানওয়ে থার্টিফোর, হিরোপান্তি টু ও জার্সি সিনেমাগুলোও বক্স অফিসে ভালো করতে পারেনি।

সব মিলিয়ে মন্দা কাটাতে পারছে না বলিউড ইন্ডাস্ট্রি। তবে অনেক ট্রেড অ্যানালিস্ট আশা করছেন এ বছর শেষ হতে হতে বলিউডের স্রোত ঘুরে যেতে পারে। সিনেমা সমালোচকদের ধারণা আসন্ন কয়েকটি সিনেমা মুক্তি পেলে পরিবর্তন আসবে বলিউডে।

বলিউডের খ্যাতিমান বিশ্লেষক তরণ আদর্শ বলেন, ‘ভুল ভুলাইয়া টু সিনেমা থেকেই বলিউডের পরিবর্তন এসেছে। সিনেমাটির বিষয়ে আমি আশাবাদী ছিলাম। গান আর কার্তিক আরিয়ানের নাচের স্টেপ—সব মিলিয়ে দর্শকের মন জয় করেছে ভুল ভুলাইয়া টু। হরর কমেডি ঘরানার সিনেমাটি আয় করেছে ১৫০ কোটি রুপির বেশি। এছাড়া বড় বাজেটের সিনেমা পৃথ্বীরাজ মুক্তি পেয়েছে সম্প্রতি। মুক্তির চারদিনে সিনেমাটির আয় ৫০ কোটি রুপি।’ অবশ্য সোমবার থেকে সিনেমাটির আয়ে বড় পতন লক্ষ করা গিয়েছে।

বিহারের রূপবানি সিনেমার হল মালিক বিশেক চৌহান বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম ভুল ভুলাইয়া টু মুক্তির দিনেই খুব ভালো করবে। এবার পুরো ইন্ডাস্ট্রি কার্তিক আরিয়ানের অভিনয়ের প্রশংসা করবে। গত বছর এ অভিনেতাকে বলা হয়েছিল তিনি পেশাদার অভিনেতা নন, তবে আজ তাকেই বলিউডের ত্রাণকর্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘পৃথ্বীরাজ ভালো করবে আশা ছিল, কারণ এটা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে।’ লাল সিং চাড্ডা সিনেমাটি নিয়ে বিশেক চৌহান বলেন, ‘নির্মাতারা সিনেমাটি নিয়ে যেমন আশা করছেন তার অর্ধেক হলেও অনেক বেশি লাভবান হবে বলিউড।’

বক্স অফিসের সম্ভাবনা নিয়ে প্রযোজক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহর বলেন, ‘ব্রহ্মাস্ত্র সিনেমাটি বলিউড চাঙ্গা করতে অবদান রাখবে। লাল সিং চাড্ডা, রাম সেতু, সার্কাস, পাঠান, টাইগার থ্রি, বিক্রম ভেধা ও শমশেরা সিনেমাগুলো বক্স অফিসে ভালো করবে বলে আশা রাখছি।’

বলিউডের বাণিজ্য বিশ্লেষক অতুল মোহনের মতে, আসন্ন সিনেমাগুলো দিয়ে সুদিন ফিরবে বলিউডে। তিনি বলেন, ‘পাঠান ও টাইগার থ্রি নিশ্চিতভাবে বক্স অফিসে হিট হবে। পারিবারিক সিনেমা যুগ যুগ জিয়ো বলিউডের দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনবে। এছাড়া রোহিত শেঠির সার্কাস এবং কার্তিক আরিয়ানের শেহজাদা দর্শকের ভালো লাগবে। লাল সিং চাড্ডা নিয়েও সবার তুলনামূলক আশা অনেক। কারণ এটা আমির খানের সিনেমা। তিনি খুব ভালো করেই জানেন দর্শক কী চায়। এছাড়া লাল সিং চাড্ডার চরিত্রগুলো রাজনৈতিক বিষয়ও তুলে ধরবে। তাই সিনেমা হলে দর্শক আসবেই।’ অতুল মোহন আরো বলেন, ‘করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানি সিনেমাটিও ভালো করবে। কারণ এর গল্প ও কাস্টিং অসাধারণ। করণ জোহর দক্ষ পরিচালক। তিনি সচেতনভাবেই দর্শকের পছন্দের দিকে নজর দিয়ে কাজ করেন।’

সব মিলিয়ে বলিউডের প্রাণ ফিরিয়ে আনতে ২০২২ সালটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো দিয়েই ফের চাঙ্গা হতে পারে বলিউডের বক্স অফিস।

 

সুত্র: বলিউড হাঙ্গামা