তথ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরতে ইমপ্রেসিভ বাংলাদেশ নামে ডকুমেন্টরি শো নিয়ে আসছেন সাংবাদিক জুলহাস কবীর।

৭ অক্টোবর অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে। ইমপ্রেসিভ বাংলাদেশ অনুষ্ঠানটি প্রতি শনিবার বিকাল চারটায় প্রচারিত হবে। অনুষ্ঠান উপস্থাপনা, গবেষণা ও পরিচালনা করেছেন জুলহাস কবীর।

অনুষ্ঠানের প্রথম পর্বটি তৈরি করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প নিয়ে। যেখানে প্রকল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানটির মাধ্যমে দর্শকরা টার্মিনালটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন বলে জানান জুলহাস কবীর।

তৃতীয় টার্মিনালের উদ্বোধনের দিনটি মাথায় রেখে অনুষ্ঠানটির প্রথম পর্বটি প্রচারের সিদ্ধান্ত নেন বলেও জানান তিনি।

ভবিষ্যতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়ে তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।

জুলহাস কবীর আগামীতে টেলিভিশনের জন্য ভ্রমণ বিষয়ক একটি ট্রাভেল শো তৈরিরও কাজ করছেন বলে জানিয়েছেন।

জুলহাস কবীর ২০১০ সাল থেকে একুশে টেলিভিশনে রিপোর্টার এবং ২০১৪ সাল থেকে আরটিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এই অনুষ্ঠানটি নিয়মিত তৈরি করবেন।