ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী দীর্ঘদিন ধরেই নিয়মিত কাজ করে আসছেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন নতুন দুই সিনেমা ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং ও প্রস্তুতিতে। এর বাইরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরো কয়েকটি সিনেমা। প্রায় এক দশকের ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনয়, পরিশ্রম আর ধারাবাহিক কাজের মাধ্যমে।

অভিনয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রেও থাকে তার ব্যক্তিজীবন। সম্প্রতি রাজধানীতে এক ফ্যাশন ইভেন্টে বধূবেশে হাজির হয়ে আবারো নজর কাড়েন বুবলী। গাঢ় বেগুনি রঙের জমকালো লেহেঙ্গা শাড়ি, সোনালি-রুপালি সুতার নকশা ও পাথরের ঝিলিক, সব মিলিয়ে প্রায় রাজকীয় লুকেই উপস্থিত হন তিনি। গলায় ভারী নেকলেস, কানে বড় দুল আর সিঁথিতে টিকলি তার সাজকে আরো নান্দনিক করেছিল।

ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপে নিজের বিয়ের স্মৃতিও শেয়ার করেন বুবলী। তিনি জানান, তার বিয়ের সাজ ছিল খুবই ছিমছাম আর স্বাভাবিক। শাড়ি পরেছিলেন, সাজও ছিল একেবারেই ন্যাচারাল। তবে মিডিয়ার মানুষ হওয়ায় কিছু বিষয় গোপনে রাখতে হয়েছিল।

বিয়েবাড়ির খাওয়া-দাওয়া প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন বুবলী। সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে ঢুকলেই তার মনোযোগ থাকে খাবারের দিকে। হাসতে হাসতেই জানান, তার আর শাকিব খানের খাবারের পছন্দ একই। দুজনই মাছ আর সবজি বেশি পছন্দ করেন। তবে বিয়েবাড়িতে ডায়েট মানা হয় না।