এ বছর ২৪ জুন মুক্তি পাচ্ছে এলভিস প্রিসলির জীবনীভিত্তিক সিনেমা। এলভিস  নামে সিনেমাটিতে এলভিস প্রিসলির চরিত্রে অভিনয় করছেন অস্টিন বাটলার। এবার শোনা যাচ্ছে ডুনের দ্বিতীয় পর্বে যুক্ত হবেন তিনি। ব্যারন ভ্লাদিমিরের ভাগ্নের চরিত্রে অভিনয় করবেন তিনি। ফেয়ড রুথা ডুনের দ্বিতীয় পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। ভ্যারাইটির প্রতিবেদক জানিয়েছেন, বাটলারের এ চরিত্রে যোগ দেয়ার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই আছে। তবে এলভিস ও ডুন একই প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা হওয়ার কারণে বাটলারের ডুনে যুক্ত হওয়ার সম্ভাবনা সত্য হতেই পারে।

ডুনের প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর ৪০ কোটি ডলার আয় করেছিল। পাশাপাশি ১০টি অস্কার নমিনেশনও লাভ করে। দ্বিতীয় পর্ব নিয়ে পরিচালকের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। সিনেমায় নতুন কিছু চরিত্র যুক্ত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। নির্মাতা দেনি ভিলেনোভ বলেছেন, ‘দ্বিতীয় পর্বে নতুন কিছু মুখ অবশ্যই দেখা যাবে।’ 

এলভিস প্রিসলিকে নিয়ে আসন্ন সিনেমাটি সিনেমা জগতে বেশ আশা তৈরি করেছে। এখন পর্যন্ত প্রকাশিত ছবি বা ক্লিপে অস্টিন বাটলারকে দেখে সবাই ইতিবাচক ধারণা পোষণ করছেন। এর আগে বাটলার উল্লেখ করার মতো যে সিনেমাটিতে অভিনয় করেন, তা হলো টারান্টিনোর ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড। অবশ্য সেখানে সাপোর্টিং রোলে ছিলেন তিনি। অন্যদিকে এলভিস ও ডুন পুরোপুরি ভিন্ন ঘরানার সিনেমা। সেখানে বাটলার কেমন করবেন তা সময়ই বলে দেবে।

 

সূত্র: ভ্যারাইটি