ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’। এই সিরিজটির নতুন সংষ্করণ শুরু হয়েছে কয়েক মাস আগে। অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ স্মৃতি ইরানী। সম্প্রতি তিনি জানালেন এই সিরিজে ক্যামিও অর্থাৎ একটি অতিথি চরিত্রে দেখা যাবে ব্যবসায়ী-সমাজসেবী বিল গেটসকে। বিষয়টিকে তিনি ভারতীয় টেলিভিশনের জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে আখ্যায়িত করেছেন।

এর আগে একটি প্রতিবেদনে জানা গিয়েছিল, বিল গেটস এই সিরিজে তিনটি এপিসোডে ভিডিও কলের মাধ্যমে উপস্থিত থাকবেন। সিএনবিসি টিভি এইটিনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি বলেন, ‘এটি ভারতীয় বিনোদন জগতের ইতিহাসে এক বিশেষ মুহূর্ত। বহুদিন ধরে নারী ও শিশুর স্বাস্থ্য মূলধারার আলোচনার বাইরে ছিল। এই উদ্যোগ সেই বাস্তবতা বদলে দেওয়ার এক শক্তিশালী পদক্ষেপ।’

সিরিজের নতুন প্রোমোতে তুলসি বিরানি চরিত্রে ইরানিকে দেখা গেছে, যেখানে অতিথি চরিত্রের ইঙ্গিত দিয়ে লেখা রয়েছে, ‘কে এই অতিথি যার সঙ্গে দেখা করার জন্য সবাই অপেক্ষা করছেন?’

ই টাইমসের এক সূত্র জানিয়েছে, গেটসের এই ক্যামিও ঘিরে গল্পটি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতার উপর ভিত্তি করে তৈরি। তাদের ভাষায়, ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই বিষয়গুলোতে সক্রিয়ভাবে কাজ করে বলে সহযোগিতাটি স্বাভাবিকভাবেই হয়েছে। স্মৃতি চেয়েছিলেন সিরিয়ালটিকে এমন এক মঞ্চে পরিণত করতে, যেখানে গল্প বলার মাধ্যমে সামাজিক ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ছড়ানো যায়।’

সূত্র: এনডিটিভি