প্রথমবারের মতো দেশে মুক্তি পেতে যাচ্ছে নেপালের সিনেমা। আগামী ১৮ জুলাই মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে নেপালের সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি ঢাকায় আমদানি করছে শো-মোশন লিমিটেড। অন্যদিকে এই সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছিল স্টার সিনেপ্লেক্স। অন্যদিকে দীপেন্দ্র গাউছান পরিচালিত ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ মুক্তির পর নেপালে বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিটের এই নেপালি ভাষার সিনেমাটি নির্মিত হয়েছে লোকজ সংস্কৃতি ও ভিন্ন স¤প্রদায়ের প্রেমের গল্প নিয়ে।

সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে দুই চরিত্রকে ঘিরে। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় তাঁদের। এরপর এক ক্যাফেতে তাঁদের প্রথম দেখা হয়। অনিচ্ছাকৃত ঘটনায় সেখান থেকে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েকে অপহরণ করে ছেলেটি। সেখান থেকেই শুরু হয় অপহরণের ‘ভুল–বোঝাবুঝির’ যাত্রা। মেয়েকে পাহাড়ি অঞ্চল থেকে অপহরণ করে মধেশের সমতলভূমিতে নিয়ে যান ছেলেটি। মেয়েটি প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব জন্ম নেয়। ছেলেটি তাকে নেপালের মধেশের সুন্দর জায়গাগুলো দেখান। মেয়েটি সেখানকার মানুষ আর সংস্কৃতি ভালোবাসতে শুরু করেন। তারা দুজন ভিন্ন স¤প্রদায়ের হলেও ভালোবাসায় বন্ধনে আবদ্ধ হন। সিনেমাটিতে নেপালের তরাই অঞ্চলের পাহাড়ি এলাকা মধেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনধারা তুলে ধরা হয়েছে।

ঢাকাসহ অন্যান্য শহরের স্টার সিনেপ্লেক্সের শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ। ১৭ জুলাই সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের এয়ারপোর্ট সংলগ্ন সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেখানে নেপালের রাষ্টদূত উপস্থিত থাকবেন। পাশাপাশি সিনেমার পরিচালক, প্রযোজকসহ অন্যান্য কলাকুশলী এবং বাংলাদেশের সিনেমা ‘ন ডরাই’-এর কলাকুশলীরা উপস্থিত থাকবেন।