অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র সাবা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম সিনেমা। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে।
মেহজাবীন অভিনীত সাবা দেশের দর্শকের সামনে কবে আসবে জানতে চাইলে নির্মাতা মাকসুদ জানান, আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি দেশে মুক্তি পাবে। এর আগে এটি নিয়ে আরো কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া দেশের বাইরে কানাডার টরন্টো শহরে প্রথমবারের মতো দর্শকের সামনে আসছে মেহজাবীনের সাবা।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে জায়গা করে নেয় সিনেমাটি। আগামী ৭ সেপ্টেম্বর এ উৎসবে সিনেমার বিশ্ব প্রিমিয়ার হচ্ছে। টিকিট ছাড়ার পর পরই দর্শক হুমড়ি খেয়ে পড়েছে। মেহজাবীন চৌধুরী গণমাধ্যমকে জানান, টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকের জন্য সাবা সিনেমার তিনটি প্রদর্শনী রয়েছে। বাকি দুটি শো আগামী ৮ ও ১৪ সেপ্টেম্বর। আরেকটি শো শুধু আমন্ত্রিত সাংবাদিক, নির্মাতা ও শিল্পীদের জন্য।
প্রিমিয়ারে সিনেমাটি টরন্টোর বন্ধুদের সঙ্গে বসে দেখতে পারছেন না বলে আফসোসে পুড়ছেন মেহজাবীন। আগামী ৮ সেপ্টেম্বরের প্রদর্শনীতে তিনি থাকবেন, এরই মধ্যে তিনটি টিকিটও কেটে ফেলেছেন।
‘সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ দেখে ভালো লাগছে। বিশ্বের বিভিন্ন দেশের এত সিনেমা থাকার পরও বাংলাদেশের সিনেমার টিকিট শেষ হয়ে গেছে। সিনেমাটা আমার না হয়ে অন্য কারো হলেও বিষয়টা নিয়ে আমি গর্ববোধ করতাম’, বললেন মেহজাবীন চৌধুরী।
এ সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। বাবা নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে সাবার জীবনসংগ্রামকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা মাকসুদ হোসেন। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার।










