সাম্প্রতিক সময়ে ছোট পদায় বেশ ভালোভাবেই নিজেকে মেলে ধরেছেন ছোটা পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। গত ঈদে তার বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। দর্শক সাড়াও পেয়েছে নাটকগুলো। এরই মধ্যে সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এভাবেও পাশে থাকা যায় নামে একটি নাটক। এ নাটকে ইয়াশের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী রিয়া ঘোষ। নাটকটির কাহিনী ও সংলাপ লেখার পাশাপাশি পরিচালনা করেছেন পথিক সাধন। এতে ইয়াশ-রিয়া জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. আসাদুজ্জামান, রুবাইয়া এশা, সামি রহমান, লিজা আক্তার, ইকবাল হোসেন, হাসান জাহিদ, আলিজা প্রমুখ। এরই মধ্যে নাটকটি প্রকাশের স্বল্প সময়ে দর্শক মনোযোগ কেড়ে নিয়েছে। সে সুবাদে প্রশংসা কুড়াচ্ছেন ইয়াশ রোহান, রিয়া ঘোষ, নির্মাতা পথিক সাধনসহ নাটকের অন্য কলাকুশলীরা। ইয়াশের কথায়, যখন দর্শক কোনো গল্পে যাপিত জীবনের নানা ঘটনা ও চরিত্রের মধ্যে চেনা মানুষের ছায়া খুঁজে পায়, তখন সেটি তাদের মনে দারুণভাবে ছাপ ফেলে। এভাবেও পাশে থাকা যায় তেমনই এক গল্প, যা দর্শকের কাছে চলমান জীবনধারার প্রতিচ্ছবি হয়ে ধরা দেবে। রিয়া ঘোষের সঙ্গে জুটি বেঁধে অভিনয় নিয়ে এ অভিনেতা আরো জানান, পথিক সাধনের ‘প্রেম ও প্রতারণার গল্প’ নাটকে প্রথম তারা জুটি বেঁধে অভিনয় করেছিলেন। নাটকটি ভালো লেগেছিল। সে সুবাদে আরো একবার জুটি বেঁধে অভিনয় করা।
অন্যদিকে রিয়া নজর কেড়েছেন ‘স্বপ্নচারিণী’ নাটকে খায়রুল বাসারের বিপরীতে অভিনয় করে।










