জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। সম্প্রতি তাকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় নির্মাণ হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’। গত শনিবার বিটিভির স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়।

‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’-এর চ্যাম্পিয়ন শেখ ফারজানা তাসনিম সুমনার জন্য এটি নতুন এক সৌভাগ্য। এর আগে তিনি কিংবদন্তি কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের সুরে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। এবার সামিনা চৌধুরীর জনপ্রিয় গান ‘চন্দ্র সূর্য সবই আছে আগের মতোই’ তার কণ্ঠে নতুনভাবে শোনা যাবে।

১৯৯৩ সালের ২৩ এপ্রিল মুক্তিপ্রাপ্ত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘প্রেম দিওয়ানা’ সিনেমায় প্রথম শোনা যায় এ গান। মান্না-চম্পা অভিনীত সিনেমার একটি আবেগঘন মুহূর্তে গানটি চিত্রনায়িকা চম্পার ঠোঁটে ফুটে ওঠে। গানের গীতিকার মুনসী ওয়াদুদ ও সুর-সংগীত করেছেন শেখ সাদী খান। তিন দশক পেরিয়েও গানটির জনপ্রিয়তা এখনো অম্লান।

গানটি গাওয়ার অনুভূতি জানিয়ে সুমনা বলেন, ‘আমাদের জীবন্ত কিংবদন্তি সামিনা চৌধুরী ম্যামের পাশে বসে তার গান গাওয়াটা আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। বিটিভির জন্য এ গান রেকর্ড করতে পেরে আমি গর্বিত। সামিনা ম্যাম আমাদের প্রজন্মের জন্য অভিভাবকের মতো। এ সুযোগ করে দেয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ। প্রিয় সামিনা ম্যাম, মহান আল্লাহ আপনাকে সবসময় সুস্থ ও ভালো রাখুন। আমি আপনাকে আন্তরিকভাবে ভালোবাসি।’

অনুষ্ঠানে অংশ নিয়েছেন আরো কয়েকজন গুণী শিল্পী। অনিরুদ্ধ রাসেল গেয়েছেন ‘আমার মাঝে নেই এখন আমি’, পিজু গেয়েছেন ‘একবার যদি কেউ ভালোবাসতো’, তেজী পরিবেশন করেছেন ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, তৃষা গেয়েছেন ‘এই জাদুটা যদি সত্যি হয়ে যেত’ এবং ইতি গেয়েছেন ‘ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়’ গানটি।