বব ডিলান গায়ক, নোবেলজয়ী সাহিত্যিকও। এবার তার একটি প্রবন্ধের বই প্রকাশ হতে যাচ্ছে। ৬০টির বেশি প্রবন্ধ নিয়ে দ্য ফিলোসফি অব মডার্ন সংস নামের বইটি সাজানো হয়েছে। প্রবন্ধগুলোয় ডিলান তার প্রিয় গান ও গীতিকারদের নিয়ে লিখেছেন। স্টিফেন ফস্টার থেকে এলভিস কস্টালো পর্যন্ত অনেকেই থাকছেন তার বইয়ে। তবে ডিলান যাদের কাজ পছন্দ ও সম্মান করেন, তারাই প্রাধান্য পেয়েছেন। এর সঙ্গে থাকছে গান সম্পর্কিত নানা ব্যাখ্যা, বিশ্লেষণ।

লম্বা বিরতির পর ডিলানের কোনো বই প্রকাশ হচ্ছে। এর আগে ২০০৪ সালে তার স্মৃতিকথা ক্রনিকলস, ভলিউম ওয়ান প্রকাশিত হয়। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, নতুন বইটি ৮ নভেম্বর প্রকাশ হবে। বইটি প্রকাশ করবে নিউইয়র্কের ‘সাইমন অ্যান্ড সুস্টার’। বইয়ে গানের কথা, সংগীতকারদের সম্পর্কে বলার পাশাপাশি গান সম্পর্কে কিছু ব্যাখ্যাও উপস্থিত করেছেন তিনি। প্রকাশনীর পক্ষ থেকে সম্প্রতি দেয়া এক বক্তব্যে বলা হয়, তিনি ‘ট্র্যাপ অব ইজি রাইম’ বলে একটি বিষয় উল্লেখ করে তার বিশ্লেষণ হাজির করেছেন এবং ব্লুগ্রাসের সঙ্গে হেভি মেটালের মিলও দেখিয়েছেন। ‘যেহেতু প্রবন্ধগুলো সংগীত বিষয়ের, তাই এখানে মানুষের মানসিক পরিস্থিতিও উঠে আসে। বইজুড়ে দেড়শর মতো ছবি আছে, যা স্বপ্নের মতো একটি ভ্রমণ বা কবিতার উপলব্ধি দেবে।’

ডিলান তার কবিতার জন্য ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখনো তিনি দেশব্যাপী নানা ট্যুর ও রেকর্ডিং চালিয়ে যাচ্ছেন। ২০২০ সালে তার একটি অ্যালবাম মুক্তি পায়। রাফ অ্যান্ড রাওডি ওয়েজ এখন পর্যন্ত তার মুক্তি পাওয়া সর্বশেষ অ্যালবাম।

 

সূত্র: হাফপোস্ট