বলিউডের অন্যতম তরুণ প্রযোজক কর্ণেশ শর্মা। তিনি বিশ্বের প্রথম নারীকেন্দ্রিক ওটিটি প্লাটফর্ম আনতে চলেছেন। ২০২৩ সালের মাঝামাঝিতেই ক্লিন ওটিটি নামে যাত্রা করবে এটি। নতুন এ ওটিটি প্লাটফর্মে কাজের ক্ষেত্রে নারী অভিনেত্রী, পরিচালক, প্রযোজকরা প্রাধান্য পাবেন।
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ভাই কর্ণেশ। আনুশকা ও কর্ণেশ দুজনে মিলে ২০১৩ সালে প্রযোজক প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মজ শুরু করেন। কিছু কাজ করে দর্শক ও সমালোচকদের নজর কেড়েছেন কর্ণেশ। এর মধ্য রয়েছে এনএইচ১০ সিনেমা ও পাতাল লোক ওয়েব সিরিজ।
কর্ণেশ বলেন, ‘আমি সবসময় এটা বিশ্বাস করি যে আমরা কোনো গল্প বলার শক্তি আর সাহস পাই আমাদের মন থেকে। নিজের কাজের প্রতি আমি দায়বদ্ধ। শতাব্দীর পর শতাব্দী ধরে পিতৃতন্ত্র আমাদের গল্প বলার ধরন নিয়ন্ত্রিত করেছে। আমি মনে করি গল্প বলার ধরন, বর্ণনা, কথোপকথনে পুরুষদের দেখানো ধরনের পরিবর্তনে ভূমিকা রাখা দরকার।’
তিনি আরো বলেন, ‘কোনো গল্পে বা কাহিনীতে নারীদের কণ্ঠস্বর আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয়। একজন নারীর কাজ আর গল্প বলার ধরন বেশ আকর্ষণীয়, কিন্তু তার পরও আমরা গত্বাঁধা চিন্তায় আবদ্ধ হয়ে আছি, যার পরিবর্তন দরকার। অনেকেই মনে করেন যে নারীদের গল্পে বিষয়বস্তু কেবল নিপীড়ন আর রোমান্টিক কমেডি। কিন্তু এটা ভুল ধারণা।’
শর্মা আরো বলেন, ‘ক্লিন ওটিটি ফিল্ম, ওয়েব সিরিজ ও ডকুমেন্টারি সিরিজ নিয়ে বিভিন্ন কাজ করব। ভারতীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের কাজ স্থান পাবে এখানে। ভারত, বাংলাদেশ, শ্রীলংকা এবং নেপালের প্রযোজকরাও কাজ করার সুযোগ পাবেন এই ওটিটিতে। ক্লিন স্লেট ফিল্মজের সঙ্গে যুক্ত পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা ও প্রযোজকদের পাশাপাশি উদীয়মান প্রতিভাদেরও তুলে ধরা হবে।’
কর্ণেশ জানিয়েছেন যে ওটিটি প্লাটফর্মটিতে বার্ষিক সাবস্ক্রিপশন করার সুযোগ থাকছে। আন্তর্জাতিকভাবে যাত্রার আগে প্রাথমিক পর্যায়ে ভারতেই শুরু করবে নারীকেন্দ্রিক এ ওটিটি প্লাটফর্ম। তিনি আশা করছেন যে ক্লিন ওটিটিকে দর্শক ভালোভাবে গ্রহণ করবে। কেননা তারা নারীদের কণ্ঠ উঠিয়ে আনতে চায় এখানে, যাতে তারা নিজেদের গল্প বলতে পারে।
শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজ নারীকেন্দ্রিক গল্প নিয়ে কাজ করার জন্য বিশেষভাবে পরিচিত। এর অনেক কাজেই আনুশকা শর্মাকে দেখা গিয়েছে। এ প্রযোজক সংস্থার শেষ কাজ ছিল ২০২০ সালে মুক্তি পাওয়া বুলবুল, যেখানে ১৯৮০ সালের দিকে বাংলার একটি নাবালিকা বধূকে দেখানো হয়েছিল। একজন নারীকে আমরা সমাজে কীভাবে দেখি আর তার শক্তি যে চার দেয়ালে আবদ্ধ থাকে না সেটি বেশ ভালোভাবেই দেখানো হয়েছিল বুলবুল ওয়েব ফিল্মে।
তাদের পরবর্তী ওয়েব ফিল্ম কালা নেটফ্লিক্সে মুক্তি পাবে। এখানে মা ও মেয়ের সম্পর্ক তুলে ধরা হয়েছে। এটি পরিচালনা করবেন অন্বিতা দত্ত। এ ওয়েব ফিল্ম দিয়ে প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল খানের অভিষেক হতে যাচ্ছে।
সূত্র: দ্য ন্যাশনাল নিউজ










