দ্য রকখ্যাত ডোয়াইন জনসন ও ভিন ডিজেলের মধ্যে দীর্ঘদিনের বিবাদ যেন শেষই হচ্ছে না। আর এ বিবাদের মধ্যেই সম্প্রতি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিকে চিরতরে বিদায় জানিয়েছেন জনসন। তিনি জানিয়েছেন, আর কোনোভাবেই এ সিনেমার অংশ হতে চান না।

কিছুদিন আগে ডোয়াইন জনসনকে ছোটভাই সম্বোধন করে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে তাকে ফিরে আসার অনুরোধ জানিয়েছিলেন ভিন ডিজেল। নিজেদের পুরনো একটি ছবি পোস্ট শেয়ার করে ভিন ডিজেল লিখেছিলেন, হবস চরিত্রটি অন্য কারো পক্ষে করা সম্ভব নয়।

এর পরিপ্রেক্ষিতেই রক ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আর ফিরবেন না বলে জানালেন। সর্বশেষ ২০১৭ সালের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির দ্য ফেট অব দ্য ফিউরিয়াস সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল ডোয়াইন জনসন ও ভিন ডিজেলকে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির লুক হবস চরিত্রে অভিনয় করেছেন জনসন। ২০১৬ সালে দ্য ফেট অব দ্য ফিউরিয়াস সিনেমার শুটিং সেটে বিতর্কে জড়িয়ে পড়েন রক ও ডিজেল। এর পরই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে রক একটি ছবি পোস্ট করে লেখেন, কিছু পুরুষ (সহশিল্পী) আছেন, যারা বেশ দৃঢ়চেতা এবং সত্যিকার পেশাদার মানুষের মতো আচরণ করেন আর কিছু আছেন যারা তা করেন না। ভিন ডিজেলকে উদ্দেশ্য করে লেখা পোস্টটি পরে ভাইরাল হয়ে যায়।

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের পরবর্তী টেন ও ইলেভেনের জন্য শুভকামনা জানিয়ে জনসন বলেন, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের অন্য সিনেমাগুলো আমাকে ছাড়াই হবে।

২০২৩-২৪ সালে মুক্তি পাবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত কিস্তি।

 

সূত্র: ইন্ডিয়া টাইমস