দিনো মোরিয়া ২০ বছর আগে রাজ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তার বিপরীতে ছিলেন বিপাশা বসু। প্রথম ছবির মাধ্যমেই বলিউডে নিজের স্থান করে নিয়েছিলেন সুদর্শন এ তারকা। তারপর একসময় বলিউড থেকে হারিয়ে যান তিনি। দিনো মনে করেন ইন্ডাস্ট্রিতে অনেক কম কাজের সুযোগ পেয়েছেন তিনি। এর কারণ হচ্ছে তার চেহারা।

সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে দিনো বলেছেন, যখন ক্যারিয়ার শুরু করি, তখন অনেকেই আমাকে কাজে নেননি, কারণ তারা মনে করতেন আমি দেখতে বেশি সুদর্শন। এ কারণে অনেক কাজ থেকে আমি বাদ পড়েছি। মানুষকে তার ভালো চেহারার জন্য অনেক কিছু হারাতে হয়, আমি তাদের দলে।

দিনো আরো বলেন, সে সময় আমাকে শুধু বলা হতো আপনি দেখতে সুন্দর। আমি এটাকে খুবই উদ্ভট ধারণা বলে মনে করি। একটি নির্দিষ্ট চরিত্রে আমাকে নেয়ার সঙ্গে চেহারার কী সম্পর্ক। আমাকে প্রতিনিয়ত কাজের জন্য নিজের লুক পরিবর্তন করতে হয়। মানুষ আমাকে আমার নিজের লুকে খুব কমই দেখতে পেয়েছে। সুদর্শন হওয়ার জন্য অনেক সময় বলিউডে আপনাকে দাম চোকাতে হবে।

এ তারকা আরো বলেন, আমার কাছে প্রায় মনে হয় বলিউড ১২ জন তারকাই চালিয়ে যাচ্ছেন। মূলত এ তারকাদের কেন্দ্র করেই সিনেমা নির্মাণ হয় এবং বাকিরা থাকেন বিক্ষিপ্ত অংশে।

সম্প্র্রতি তার ওয়েব সিরিজ দি এম্পায়ার সাফল্যের দেখা পেয়েছে। সবার নজরে পড়েছেন দিনো, ঠিক যেমনটা তিনি চাইতেন। ওয়েব সিরিজটি তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। এ নিয়ে দিনো বলেন, চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। ওয়েব সিরিজটি নিজেকে প্রমাণ করার সুযোগ দিয়েছে। বলিউডে তার অনেক কিছু করার আছে। এখন অনেক নির্মাতারা তাকে দিয়ে কাজ করাতে চান তার লুকের জন্যই। মন মতো কাজ করার সুযোগ করে দিয়েছে দি এম্পায়ার।

বর্তমানে দিনো মোরিয়ার হাতে দুটি তেলেগু সিনেমা রয়েছে। ডিজনি প্লাস হটস্টারের দি এম্পায়ার ওয়েব সিরিজে তাকে শেষ দেখা গিয়েছে।  ভারতে মোগল শাসকদের আগমন ও গোড়াপত্তন দেখানো হয়েছে সিরিজটিতে। সমরখন্দে মোগল বাদশাহ বাবরের প্রধান শত্রু শায়বানি খানের চরিত্রে অভিনয় করেছিলেন দিনো মোরিয়া।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস