টড ফিলিপস তার জোকারের সিকুয়েলের ঘোষণা দিয়েছেন। স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন তিনি। হোয়াকিম ফিনিক্স থাকছেন নাম চরিত্রে। শোনা যাচ্ছে হার্লি কুইন হতে পারেন লেডি গাগা। এবারের সিনেমার সাব-টাইটেল হলো ফোলি এই ডা। কথাটি দিয়ে এক ধরনের ‘ডিল্যুশনাল ডিজঅর্ডার’কে বোঝায়। এক্ষেত্রে জোকারের অন্যতম ‘সঙ্গী’ ব্যাটম্যান বাদে সিনেমায় যাকে আনা যায় সে হার্লি কুইন। চরিত্রটি ব্যাটম্যানের অ্যানিমেটেড সিরিজের জন্য ১৯৯০ সালে সৃষ্টি করা হয়। কিন্তু এরপর থেকে একাধিকবার সিনেমায় দেখা গেছে তাকে।

জোকারের এবারের সিনেমাটি মিউজিক্যাল হতে যাচ্ছে। সিদ্ধান্তটি টড ফিলিপসের সাহসের পরিচয় দেয়। এর আগে তার সিনেমাটি ১ বিলিয়ন ডলার আয়ের পাশাপাশি অস্কারে ১২টি নমিনেশন পেয়ে দুটি জয় করে। দ্য ডার্ক নাইটের খলনায়ককে তিনি রীতিমতো প্রতিনায়কে রূপান্তর করে ফেললেন। এবার সে গল্পে জোকারের সঙ্গে হার্লিকে এনে ঠিক কী চমক রাখছেন সেদিকে সবারই দৃষ্টি থাকবে।

ফোলি এই ডা নিয়ে এর চেয়ে বেশি কিছু এখনো জানানো হয়নি। কেবল এটাই শোনা গেছে লেডি গাগার সঙ্গে এ নিয়ে কথা চলছে। এর আগে লেডি গাগা টড ফিলিপসের সঙ্গে আ স্টার ইজ বর্ন সিনেমায় কাজ করেছিলেন। এখানে সেরা অভিনেত্রী ও সেরা মৌলিক গানের জন্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন গাগা। সে সিনেমার পরিচালক-অভিনেতা ব্র্যাডলি কুপার নিজেও ফিলিপসের জোকারের প্রযোজক ছিলেন। কিন্তু ফোলি এই ডায় তিনি থাকছেন কিনা তাও প্রকাশ করা হয়নি।

তবে হার্লি কুইন চরিত্রটি ওয়ার্নার ব্রোসের জন্য লাভজনক প্রমাণিত হয়েছে। সম্প্রতি হাউজ অব গুচিতে লেডি গাগা দৃষ্টি আকর্ষণ করেছেন। এর আগে হার্লি কুইনও দর্শকের দৃষ্টি কেড়েছেন। ২০১৬ সালের সুইসাইড স্কোয়াড, ২০২০ সালের বার্ডস অব প্রে এবং ২০২১ সালের সুইসাইড স্কোয়াড তুমুল জনপ্রিয়। এছাড়া এইচবিওর অ্যানিমেটেড সিরিজে কেলি কুওকোর কণ্ঠে হার্লি কুইন জনপ্রিয়। এর পাশে আরেকটি বিষয় হলো এ বছর প্যাটিনসনের দ্য ব্যাটম্যান এত জনপ্রিয় হয়েছে যে এরপর দ্রুত জোকার আনা হলে দর্শকের মধ্যে সহজেই এক ধরনের প্রভাব তৈরি করা যাবে। এর মধ্যে লেডি গাগা থাকলে তো কথাই নেই। আশা করা যায় তিনি থাকছেন।

 

সূত্র: ভ্যারাইটি