ভিকি ডোনারে অভিনয়ের মাধ্যমেই নজর কেড়েছিলেন ইয়ামি গৌতম। এরপর খুব দ্রুত খ্যাতির চূড়ায় পৌঁছেননি। বরং এখনো অনেকটা পথ যাওয়া বাকি। তবে গ্ল্যামারাস মুখ হিসেবে ইয়ামিকে পছন্দ করেন দর্শকরা। এর মধ্যে কাবিলে হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করেছিলেন। সিনেমায় তাদের জুটি বেশ জমেছিল। উরিতে একজন এজেন্টের চরিত্রে তাকে চমৎকার মানিয়েছিল। সর্বশেষ গত বছর ‘আ থার্সডে’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। এবার এ অভিনেত্রী জানালেন মধুবালার চরিত্রে অভিনয় করা তার স্বপ্ন।
সম্প্রতি পিটিআইয়ের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সেখানেই তার স্বপ্নের চরিত্রগুলোর কথা উঠে আসে। তিনি বলেন, ‘করার মতো বহু চরিত্র আছে। বহুবার আমি বলেছি কখনো বায়োপিক করার সুযোগ হলে আমি মধুবালাজির চরিত্রে অভিনয় করতে চাই। তিনি এখনো আমাদের জন্য একজন আইকন।’ এছাড়া তিনি একজন যোদ্ধা নারীর চরিত্রে অভিনয় করার ইচ্ছাও রাখেন। ইয়ামি বলেন, ‘আমি অনেক কস্টিউম ড্রামা দেখি। সেখান থেকেই আমার যোদ্ধা নারীর চরিত্রে অভিনয়ের আকাঙ্খা জাগে।’
ইয়ামির ‘আ থার্সডে’ মুক্তি পেয়েছিল ওটিটি প্লাটফর্মে। প্রায় চার বছর হলো তার কোনো সিনেমা থিয়েটারে মুক্তি পায়নি। এক্ষেত্রে ইয়ামির মত হলো তিনি একজন অভিনেত্রী এবং অভিনয় করাই তার কাজ। সেটা কোন প্লাটফর্মে আসছে, তা বড় ব্যাপার নয়। ইয়ামি বলেন, ‘প্রথমত আমি একজন অভিনয়শিল্পী। আমার প্রথম কাজ, সবচেয়ে ভালো অভিনয়ের সুযোগ খুঁজে বের করা। আমি ওটিটি আর বড় পর্দার মধ্যে পার্থক্য করি না। প্রযোজকরা ঠিক করবেন যে সিনেমা কোথায় মুক্তি দেয়া হবে।’
২০১৯ সালে ইয়ামি অভিনীত ‘বালা’ মুক্তি পেয়েছিল থিয়েটারে। তার বিপরীতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা ও ভূমি পেড়নেকর। সিনেমাটি থিয়েটারে দর্শকের মনোযোগ পেয়েছিল। অন্যদিকে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া আ থার্সডেও দর্শকের তুমুল প্রশংসা পায়। অর্থাৎ সিনেমা যদি ভালো হয় আর শিল্পী যদি ভালো কাজ করেন, তবে তা দর্শক লুফে নেবে।
ইয়ামি গৌতমের দাম্পত্য জীবন উরির পরিচালক আদিত্য ধরের সঙ্গে। একই অঙ্গনের ভিন্ন পেশার ব্যক্তির সঙ্গে দাম্পত্য সম্পর্কে এ অভিনেত্রী বলেন, ‘আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি। বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করি। এর বাইরে আমরা পরস্পরের ভালো লাগা মন্দ লাগা ভাগাভাগি করি।’
ইয়ামি বর্তমানে অনিরুদ্ধ রায় চৌধুরির একটি সিনেমার জন্য কলকাতায় রয়েছেন। সিনেমাটি সম্পর্কে তিনি জানিয়েছেন যে এটি একটি ইনভেস্টিগেটিভ থ্রিলার। আমাদের জীবন ও সমাজে গণমাধ্যমের ভূমিকার কথাও বলে সিনেমাটি। এর পাশাপাশি অতিমারীর সময়ের কলকাতার কথাও উঠে এসেছে সিনেমায়। ইয়ামি আশা করেন দর্শকের ভালো লাগবে সিনেমাটি।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










