বলিউড সুপারস্টার সালমান খান এখনো মা-বাবার সঙ্গে থাকেন। ভক্তদের অতিপরিচিত গ্ল্যালাক্সি অ্যাপার্টমেন্টের ছোট্ট একটি কক্ষ তার ঠিকানা, যেখানে খাট ছাড়া তেমন কোনো আসবাব নেই। তবে অতিথির মনোরঞ্জনের সব সুবিধা রেখে তৈরি করছেন ১৯ তলার সাগরমুখী হোটেল।  

হিন্দুস্তান টাইমস জানায়, মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডের অভিজাত লোকেশনে এই বিলাসবহুল হোটেলের অবস্থান। এরই মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের কাছে নিজের পরিকল্পনা জমা দিয়ে পাস করিয়ে নিয়েছেন ভাইজান।

ওই সম্পত্তির আগের নাম ছিল স্টারলেট কো-অপারেটিভ হাউজিং সোসাইটি, যা বেশ কয়েক বছর আগেই মা সালমা খানের নামে কিনে নেন সালমান। শুরুতে সেখানে আবাসন গড়ে তোলারই পরিকল্পনা ছিল। তার বদলে এখন হোটেল গড়ছেন।

৬৯.৯ মিটার উচ্চতার পরিকল্পিত হোটেলটিতে থাকবে বিলাসী সব আয়োজন। প্রথম ও দ্বিতীয় তলায় থাকবে ক্যাফে ও রেস্তোরাঁ, তৃতীয় তলায় জিম ও সুইমিং পুল। চতুর্থ তলা সার্ভিস ফ্লোর হিসেবে ব্যবহৃত হবে। পরের দুই ফ্লোরে থাকবে ব্যাঙ্কোয়েট হল ও কনভেনশন সেন্টার। এরপর সপ্তম ও ১৯ তলা পর্যন্ত হোটেল রুম।

গত বছর এপ্রিলে নিজের মালিকানাধীন বান্দ্রার একটি ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন সালমান। যার মাসিক ভাড়া দেড় লাখ রুপি। এছাড়া পানভিলের ফার্ম হাউস সালমান ভক্তদের কাছে খুবই পরিচিত। কয়েক একর জায়গা জুড়ে তৈরি এই খামারে প্রায়ই অবসর কাটাতে যান সালমান।

এ অভিনেতাকে শেষবার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা গেছে। সামনের দিওয়ালিতে মুক্তি পাবে ‘টাইগার’ সিরিজের তৃতীয় কিস্তি। সঙ্গে থাকছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। আর ক্যামিও করছেন শাহরুখ খান।