জুবিন গর্গের মৃত্যু রহস্য এখনো উন্মোচিত হয়নি। এরই মধ্যে এল নতুন তথ্য। মুক্তি পাচ্ছে জুবিন অভিনীত একটি সিনেমা। জুবিনের মৃত্যুর পর কার্যত কান্নায় ভেঙে পড়েছিল গোটা আসাম। লাখ লাখ লোক ভিড় করেছিল সংগীতশিল্পীর শেষ যাত্রায়। বাতিল করে দেওয়া হয়েছিল ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল। এবার জুবিনের শেষ সিনেমাকেই উৎসব বানিয়ে ফেলছেন তার ভক্তরা।
জুবিনের মৃত্যুর পরেই তার স্ত্রী জানিয়েছিলেন মারা যাওয়ার আগে একটি অসমিয়া সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। আগামী ৩১ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। নাম ‘রই রই বিনালে’। প্রিয় মানুষটিকে শেষবার বড় পর্দায় দেখার জন্য ইতিমধ্যেই সমস্ত টিকিট কেটে ফেলেছেন ভক্তরা।
আসামে অন্তত ৪৬টি শহরে মুক্তি পেতে চলেছে জুবিনের এই শেষ সিনেমা। নির্মাতারা জানিয়েছেন, আসামের মোট ৯০টি হলে মুক্তি পাবে সিনেমাটি। ইতিমধ্যেই সমস্ত হলের প্রথম দিনের টিকিট বুক করে ফেলেছেন দর্শকরা। অতিরিক্ত ভিড় যাতে না হয় তার জন্য সকাল ছয়টা এবং রাত বারোটার শো খুলে দেওয়া হয়েছে।
জুবিনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই সিনেমাটি সম্পূর্ণ করমুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার এও সিদ্ধান্ত নিয়েছে, সিনেমাটি থেকে রাজ্য যে জিএসটি পাবে সেটা জুবিনের ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে। তবে শুধুমাত্র আসাম নয়, কলকাতা, মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং দিল্লির মতো সাহরি মুক্তি পাবে এই সিনেমাটি।
এই সিনেমাতে একজন অন্ধ গায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জুবিনকে। জুবিনের শেষ ইচ্ছা অনুযায়ী ৩১ অক্টোবর সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। প্রায় তিন বছর অক্লান্ত পরিশ্রম করে এই সিনেমাটি তৈরি করেছিলেন সংগীতশিল্পী। সিনেমার কাহিনী থেকে শুরু করে গান সবকিছুই জুবিনের সৃষ্টি। খুব স্বাভাবিকভাবেই এই সিনেমাটি আবারও মানুষের মনে জুবিনকে চিরকালের জন্য অমর করে দেবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










