দর্শকপ্রিয় চরিত্রাভিনেতা মুকুল সিরাজ। দীপ্ত টিভিতে জনপ্রিয় ধারাবাহিক রূপনগরে লতিফ চরিত্রে তার অভিনয় এরই মধ্যে দর্শকের নজর কেড়েছে। ব্যতিক্রমধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে নির্মাতাদের আস্থার জায়গা হয়ে উঠেছেন এ অভিনেতা।
রূপনগর নাটকের পরিচালক নির্মাতা কায়সার আহমেদ। তার নির্দেশনায় লতিফ চরিত্রটি কিছুটা নেতিবাচক ধারার। নাটকের ধারাবাহিকতায় শিগগিরই দেখা যাবে ইমতু রাতিশ অভিনীত চরিত্রটি খুন হবে, এ খুনের মূল পরিকল্পনাকারী লতিফ অর্থাৎ মুকুল সিরাজ। তার বিপরীতে অভিনয় করছেন সিলভিয়া।
নাটকটির পাশাপাশি মুকুল সিরাজ অভিনীত বিপ্লব হায়দার পরিচালিত ধারাবাহিক ‘সুখ পাখি’ বর্তমানে আরটিভিতে প্রচার হচ্ছে।
নিজের কাজ ও কায়সার আহমেদের সঙ্গে অভিজ্ঞতা নিয়ে মুকুল সিরাজ বলেন, ‘কায়সার ভাই দেশের নাট্যাঙ্গনের একজন অত্যন্ত গুণী নির্মাতা। তার নির্দেশনায় আয়না, বকুলপুর, জাদুনগরসহ বহু নাটকে কাজ করেছি। আমি জানি না পরিচালককে কতটা সন্তুষ্ট করতে পেরেছি। তবে কায়সার ভাইয়ের নির্দেশনায় কাজ করতে পেরে আমি গর্বিত ও সমৃদ্ধ।’
লতিফ চরিত্রটি দর্শকের কাছে সমাদৃত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে মুকুল সিরাজ জানান, তিনি শুধু মন দিয়ে অভিনয় করার চেষ্টা করেন এবং ভবিষ্যতে আরো ভালো চরিত্রে কাজ করার স্বপ্ন দেখেন।
টেলিভিশন ও চলচ্চিত্র এ দুই মাধ্যমেই অভিনয়ের ছাপ রেখেছেন মুকুল। রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার প্রথম টিভি নাটক ছিল গাজী রাকায়েতের ‘রূপান্তর’। ১৯৯৯ সাল থেকে নাট্যদল ‘নাট্যধারা’র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ দলের হয়ে ‘অগ্নিজল’ নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। আট বছর ধরে তিনি থিয়েটার ফ্যাক্টরি’র সঙ্গে যুক্ত, যেখানে তিনি ‘আষাঢ়স্য প্রথম দিবস’ নাটকে অভিনয় করেছেন।
সময়ের জনপ্রিয় এ অভিনেতা অভিনয়ে নিয়মিত ও বৈচিত্র্যময় চরিত্রে দর্শককে আরো চমক দিতে চান ভবিষ্যতেও।










