অবশেষে গাঁটছড়া বেঁধে ফেললেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। সূর্যগড় প্যালেসে তিন দিনব্যাপী হলো এ অনুষ্ঠান। বাসস্থান, খাবার, অতিথিদের ভ্রমণের জন্য গাড়ি ইত্যাদি বাবদ সূর্যগড়ে প্রতিদিনের খরচ ধরা হয়েছিল ১ কোটি ৭৫ লাখ রুপি থেকে ২ কোটি রুপি। সে হিসেবে তিনদিনের এ বিয়েতে খরচ হয়েছে কম করে হলেও ৬ কোটি রুপি। বলিউড তারকাদের বিয়ের ক্ষেত্রে এটি অন্যতম খরুচে বিয়ে। এর আগে ক্যাটরিনা-ভিকির বিয়েতে ৪ কোটি, শিল্পা শেঠি-রাজ কুন্দ্রার বিয়েতে ৪ কোটি রুপি খরচ হয়েছিল। অবশ্য এদিক থেকে এগিয়ে আছেন আনুশকা-বিরাট ও প্রিয়াংকা-নিক। তাদের বিয়ের খরচ ছিল যথাক্রমে ১০০ কোটি রুপি ও ৫ লাখ ডলার।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে নানা কানাঘুষা ছিল। তারা কোথায় বিয়ে করছেন, তা জানানো হয়নি। তবে গণমাধ্যম ঠিকই জেনে নিয়েছিল। তাদের বিয়ের ছবির জন্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। কেননা অতিথিদের ফোন ব্যবহার করতে দেয়া হয়নি। তবে ছবি তারা নিজেরাই আপলোড করেছেন। ছবি আপলোড করে ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘আমাদের স্থায়ী বুকিং হয়ে গেল। আমাদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা চাই।’
বিয়েতে চমৎকার সব পোশাক পরেছিলেন দুজন। কিয়ারা পরেছিলেন মনিশ মালহোত্রার ডিজাইন করা একটি লেহেঙ্গা। তার লেহেঙ্গাটিতে রোমান নকশার ছাপ ছিল। এর সঙ্গে তার ছিল হীরার অলঙ্কার। মনিশের সর্বশেষ নকশার অলঙ্কারে সেজেছিলেন কিয়ারা। হীরার সঙ্গে ছিল এমারেল্ড। মজার ব্যাপার মনীশের ডিজাইন করা অলঙ্কার কিয়ারাই প্রথম পরলেন। এতে ছিল জাম্বিয়ার এমারেল্ড এবং তার মধ্যে ফাইন কাটের হীরা। কিয়ারার পছন্দ করা হীরার হারটি তার পোশাকের রঙের সঙ্গে দারুণভাবে মানিয়েছে। হাতেও ছিল হীরার আংটি।
সিদ্ধার্থের শেরওয়ানিটি আইভরি রঙের। এটিও মনিশ মালহোত্রার ডিজাইন করা। এতে ছিল ভারী কাজ। আইভরি রঙের ওপর কাজগুলো ছিল সোনালি রঙের। আইভরি সুতা ও সোনালি জারদোজীর কাজের মাধ্যমে এতে এক ধরনের ঐতিহ্যবাহী চেহারা ফুটে উঠেছে। সিদ্ধার্থের পাগড়িতে একটি পাথরের সঙ্গে ছিল পালক। তাকে পুরনো রাজপুত রাজাদের মতোই মনে হচ্ছিল। সূর্যগড় প্যালেসের পটভূমিতে এ লুক পুরোপুরি মানিয়ে গেছে। বিয়ের ছবিতে তাদের পরস্পরের প্রতি সম্ভাষণ জানাতে দেখা যায়। আরেকটি ছবিতে পরস্পরের চিবুকে চুমু খাচ্ছিলেন নবদম্পতি।
ছবিগুলো প্রকাশ হতে না হতেই ভাইরাল হয়ে যায়। শেরশাহ থেকে তাদের ‘জুটি’ হিসেবে দেখে অভ্যস্ত ভক্তরা। সেভাবে বাস্তবজীবনে সিদ্ধার্থ-কিয়ারাকে দেখে ভক্তরা উচ্ছ্বসিত। আবার এর বাইরে তাদের ছবি নিয়ে নানা মিমও তৈরি হয়েছে। তবে সবচেয়ে আমোদ করা হচ্ছে বিয়েতে শহীদ কাপুরের উপস্থিতি নিয়ে। কবির সিং সিনেমার সূত্র ধরে এ নিয়ে মজা করছে ভক্তরা। অন্যদিকে এ বিয়েতে উপস্থিত ছিলেন করণ জোহর, জুহি চাওলা, মীরা রাজপুতসহ সিদ্ধার্থ ও কিয়ারার পরিবারের সদস্যরা। এ বিয়ের অনুষ্ঠান করতে সূর্যগড় প্যালেস ভাড়া নেয়া হয়েছিল তিনদিনের জন্য। মেহেদী, সংগীতসহ অন্যান্য নিয়ম মেনেই হয়েছে এ বিয়ে। পুরো আয়োজনের জন্য নতুন করে সাজানো হয়েছিল সূর্যগড়।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










