ভারতের ছোট পর্দার সম্রাজ্ঞী বলা যায় একতা কাপুরকে। সোপ অপেরা থেকে রিয়েলিটি শো—ভারতীয় ছোট পর্দায় তার অনুষ্ঠান বহু বছর ধরে দারুণ জনপ্রিয়। তার বালাজি টেলিফিল্মস ছোট পর্দার প্রভাবশালী প্রযোজনা সংস্থা। এ কোম্পানির সাবসিডিয়ারি ওয়েব প্লাটফর্ম অল্ট বালাজির ম্যানেজিং ডিরেক্টর ও জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে হঠাৎই সরে দাঁড়ালেন একতা কাপুর ও তার মা শোভা কাপুর। তাদের বদলে অল্ট বালাজি ওয়েব প্লাটফর্মের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিবেক কোকা। কিন্তু কেন এ সিদ্ধান্ত নিলেন একতা? উত্তরটা তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

২০১৭ সালের ১৬ এপ্রিল একতা কাপুর ও শোভা কাপুরের বালাজি টেলিফিল্মস লিমিটেডের হাত ধরে যাত্রা অল্ট বালাজির। অনেক সিনেমা ও ওয়েব সিরিজ রয়েছে এ প্লাটফর্মে। যার নেপথ্যে একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বড় ভূমিকা রয়েছে। কিন্তু শুক্রবার আচমকা সোশ্যাল মিডিয়ায় নিজের হাতে তৈরি ওয়েব প্লাটফর্ম ছাড়ার ঘোষণা দেন একতা। 

কিন্তু অল্ট বালাজি কেন ছাড়লেন একতা কাপুর ও তার মা শোভা কাপুর? এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, অত্যন্ত ভেবেচিন্তে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে তারা অন্যান্য প্রজেক্টে বেশি সময় দিতে পারেন। প্রতিষ্ঠানের পদ ছাড়লেও এতে তাদের শেয়ার আগের মতোই থাকবে। 

নব্বইয়ের দশক থেকেই হিন্দি টেলিভিশনের জগতে একতা কাপুরের বিস্তার। একসময় টেলিভিশন কুইনের তকমা পেয়ে যান। বলিউডের অনেক সিনেমায়ও তার জনপ্রিয়তা ও চরিত্রকে উপস্থাপন করতে দেখা গেছে। পরে সিনেমার প্রযোজনায়ও হাত দেন একতা। তারপর চালু করেন অল্ট বালাজি। এখন অন্য কাজে মন দেয়ার কারণ দেখিয়ে নিজের হাতে তৈরি ওয়েব প্লাটফর্মের অধিকার ছেড়ে দিলেন। অনেকে বলছেন, এর নেপথ্যে অন্য কারণও থাকতে পারে। তবে নতুন প্রধান বিবেক কোকাকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছেন একতা এবং সবসময় পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। 

ডিজিটাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কোকার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছে। তিনি ভারতের অনেক বড় প্রযোজনা সংস্থার উঁচু পদ সফলতার সঙ্গে সামলিয়েছেন। 


সূত্র ও ছবি: টাইমস অব ইন্ডিয়া