কয়েক বছর অভিনয় থেকে বিরতি নেয়ার পর আবারো অভিনয়ে ফিরছেন অভিনেত্রী আইরিন তানি। ‘তুই’ শিরোনামের নতুন একটি হাস্যরসাত্মক নাটকের মাধ্যমে তিনি ফিরেছেন ক্যামেরার সামনে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস।

৬ নভেম্বর নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই এটি প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। নাটকে আইরিন তানির সহশিল্পী হিসেবে আছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

এর আগেও এ জুটি একসঙ্গে অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘লং মার্চ’, ‘রেড সিগন্যাল’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়েছিলো’, ‘সিনেমা হল’, ও একক নাটক ‘মুদ্রা দোষ’, ‘হাতেম আলী’, ‘শর্টকাট’সহ একাধিক নাটকে।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে আইরিন তানি বলেন, ‘চার বছর পর আবার কাজে ফিরেছি। সৌভাগ্যের বিষয়, ফিরেছি আমার প্রিয় সহশিল্পী মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করে। আমার ছেলে এখন প্রায় তিন বছর বয়সী, তাই ধীরে ধীরে কাজে ফিরছি। এতদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তাও আবার মোশাররফ ভাইয়ের সঙ্গে—সত্যি ভীষণ ভালো লেগেছে। তিনি আগের মতোই খুব সহযোগিতাপরায়ণ ও অনুপ্রেরণাদায়ক।’

আইরিন তানির সর্বশেষ কাজগুলোর মধ্যে ছিল ‘কাপল টিকেট’, ‘প্লিজ মাফ করবেন’, ধারাবাহিক ‘মান অভিমান’, ‘বউ শ্বাশুড়ি’ ও ‘বকুলপুর’। এছাড়া তিনি বাদল খন্দকারের পরিচালনায় ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমা এবং আরো কয়েকটি বাংলাদেশী ও ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বর্তমানে তিনি নতুন করে নিয়মিত অভিনয়ে ফিরতে চান এবং প্রযোজক-পরিচালকদের সহযোগিতা কামনা করেছেন।