ইউক্রেনে চালানো রাশিয়ার হামলার প্রতিবাদ হিসেবে দেশটিতে কার্যক্রম স্থগিত করেছে নেটফ্লিক্স। এ সপ্তাহের শুরুতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা রাশিয়ার সব প্রোগ্রাম ও রাশিয়ায় প্রচার বন্ধ করে দিতে পারে। অন্য অনেক প্রতিষ্ঠানের সঙ্গে নেটফ্লিক্সের এ সিদ্ধান্তে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিষ্ঠানের তালিকা বড় হতে চলেছে। নেটফ্লিক্সের হাতে রাশিয়ার চারটি কাজ রয়েছে। একটি ক্রাইম থ্রিলার সিরিজ। সিরিজটি পরিচালনা করছেন দাশা ঝুক। সিরিজটির শুটিং হচ্ছিল। রাশিয়ার আগ্রাসী মনোভাবের প্রকাশ লক্ষ করে এটির শুট বন্ধ করা হয়েছে।

বিশ্বে নেটফ্লিক্সের আবেদন অনেক। এখন মানুষ হলিউডে সিনেমা মুক্তি দেয়ার পাশাপাশি নেটফ্লিক্সে সিনেমা মুক্তির চিন্তা করে। বিশ্ববাজারে নেটফ্লিক্স সত্যিই একটি বড় ব্র্যান্ড হয়ে উঠেছে। পাশাপাশি তারা নিজেদের ব্যবসাও বাড়াতে চাইছে। অবশ্য এত জনপ্রিয়তার পাশাপাশি নেটফ্লিক্সের সময়টা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে তারা ভারতে নিজেদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করলেও সেখানে সফল হয়নি। পশ্চিমে নিজেদের ব্যবসা বাড়াতে সম্প্রতি তারা নতুন একজন সিএমও নিয়োগ করেছে। মারিয়ান লি নতুন করে নেটফ্লিক্সে প্রচার ও বাণিজ্য বাড়াবেন বলে সবার ধারণা। সেখানে রাশিয়ায় এ মুহূর্তে সম্প্রচার বন্ধ করা নেটফ্লিক্সের জন্য সাহসী পদক্ষেপ। প্রথমত, নেটফ্লিক্স আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে, অন্যদিকে নিজেদের ব্যবসাকে তারা ফেলেছে হুমকির মুখে।

২০১৬ সালে তারা রাশিয়ায় কার্যক্রম শুরু করে। তবে এখনো সেখানে তাদের উপস্থিতি বা প্রচার তুলনামূলক কম। রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের সঙ্গে মিলে তারা কাজ করে। এ অবস্থায় রাশিয়ায় সম্প্রচার বন্ধ করা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি নেটফ্লিক্স ইউক্রেনের পক্ষে একটি কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা ২০১৫ সালের ডকুমেন্টারি ‘উইন্টার অন ফায়ার: ইউক্রেনস ফাইট ফর ফ্রিডম’ বিনামূল্যে দেখানোর ব্যবস্থা করছে। ডকুমেন্টারিতে ইউক্রেনের ইউরোমেইডেন প্রটেস্ট সম্পর্কে দেখানো হয়েছে। নেটফ্লিক্সের এ সিদ্ধান্ত বিশ্বের ক্ষমতাসীনদের জন্য একটি সতর্কতা হিসেবেও দেখা যেতে পারে, আবার একে দেখা যেতে পারে প্রাতিষ্ঠানিক জোটবদ্ধতা হিসেবে। যেমন রাশিয়ার আগ্রাসী মনোভাব দেখে নেটফ্লিক্সের আগে মাইক্রোসফট, অ্যাপল, ডেল এ ধরনের পদক্ষেপ নিয়েছিল। নাইকি, ইকিয়ার মতো প্রতিষ্ঠানের পর নেটফ্লিক্সের সিদ্ধান্তটি এল। পরবর্তী সময়ে রাশিয়া আরো কী কী প্রতিকূলতা পার করবে তা সময় বলে দেবে।

 

সূত্র: ভ্যারাইটি