আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা উদযাপন করতে যাচ্ছে ‘‌ফেত দো লা মিউজিক ২০২৩’। এ উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে আজ বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত আয়োজন করা হয়েছে বিশেষ সংগীত উৎসবের।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এ উৎসবে বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় পরিবেশিত একক ও দলীয় সংগীত পরিবেশনের আয়োজন করা হয়েছে। এর সঙ্গে থাকবে পিয়ানো, গিটার ও বাঁশির মূর্ছনা। 

বিশেষ এ সংগীত উৎসবের নামকরণ নিয়ে জানতে চাইলে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পক্ষ থেকে জানানো হয়, নানা রকম সংগীত সবার কাছে পৌঁছে দেয়া, সংগীতের মাধ্যমে মানববন্ধন সুদৃঢ়ভাবে গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত পরিবেশে একের পর এক সংগীত পরিবেশনই হচ্ছে ফেত দো লা মিউজিকের মূল ধারণা। এ দিনের অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকে বলে অর্কেস্ট্রা, অপেরা, কয়্যারের মতো সংগীত ইনস্টিটিউটগুলো রাস্তা, পার্কসহ জাদুঘর, রেলস্টেশন ও ঐতিহাসিক দুর্গের সামনে খোলা জায়গায় সংগীত পরিবেশন করে। এভাবেই সংগীত ছড়িয়ে পড়ে শহর আর আশপাশের এলাকাগুলোয়, বন্ধুত্বের বন্ধন গড়ে ওঠে নতুন আর দক্ষ শিল্পীদের মধ্যে। 

১৯৮২ সালে ফ্রান্সে ফেত দো লা মিউজিক প্রথম উদযাপন শুরু হয়। ১৯৮১ সালে তৎকালীন ফরাসি সংস্কৃতিমন্ত্রী দিনটি পালনের উদ্যোগ নেন। পরবর্তী সময়ে প্রতি বছর ২১ জুন বিশ্বের শতাধিক দেশে বিশ্ব সংগীত দিবস উদযাপন হয়ে আসছে।

সে ধারাবাহিকতায় এবার আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার উদ্যোগে বাংলাদেশে আয়োজিত হচ্ছে ফেত দো লা মিউজিক। এ সংগীত উৎসবের মাধ্যমে সংগীতের বিভিন্ন ধারাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া সংগীতের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ও বন্ধন তৈরির চেষ্টা করা হচ্ছে। আলিয়ঁস ফ্রঁসেজ সব সময়ই এ ধরনের সাংস্কৃতিক আদান প্রদানের পীঠস্থান হিসেবে কাজ করে। এবার সংগীতের মাধ্যমে তারা সে কাজটি করবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।