দেশের জনপ্রিয় নাট্যদলগুলোর একটি ম্যাড থেটার। ২০১৫ সালে যাত্রা করেছিল নাটকের দলটি। একাধিক জনপ্রিয় নাটক রয়েছে তাদের। এর মধ্য অন্যতম ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ ও ‘অ্যানা ফ্রাঙ্ক’। নাটক দুটি নিয়ে ম্যাড থেটার ভারতের আসামের রাজধানী গুয়াহাটি যাচ্ছে।
দুটি নাটকই ঐতিহাসিক চরিত্রনির্ভর। রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর আর্জেন্টিনার স্মৃতি নিয়ে রচিত নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধের ভয়াবহতা, দুঃস্বপ্ন ও মানবিক বিপর্যয়কে ডায়েরির পাতায় তুলে আনা আত্মকথামূলক নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। আগামী শনিবার গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক দুটি। একই দিন নাটকগুলোর পরপর দুটি প্রদর্শনী থাকছে। দুটি নাটকেরই রচয়িতা ম্যাড থেটারের দলপ্রধান আসাদুল ইসলাম। তিনি বলেন, ‘করোনা-উত্তর পৃথিবী এখন যুদ্ধবিধ্বস্ত, বিপর্যস্ত এবং বিয়োগান্ত ব্যথায় কাতর। অশান্ত পৃথিবীর মানুষের মনে অশান্তির বীজ আর বিষ। অশান্তি থেকে মানুষকে মানবিক প্রেমে ও সম্পর্কের বাঁধনে সম্মোহিত করতে “রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া” ও “অ্যানা ফ্রাঙ্ক” নাটক দুটি অনিবার্যভাবে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। ম্যাড থেটারের প্রযোজনা দুটি গুয়াহাটির দর্শকদের মন নিশ্চিতভাবে জয় করে নেবে।’
নাটক দুটির গল্প সম্পর্কে আসাদুল ইসলাম বলেন, ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটকটির প্রেক্ষাপট ১৯২৪ সাল। মানুষের সঙ্গে মানুষের প্রেম আর প্রেমের ক্ল্যাসিক কাহিনীগুলোই পারে যুদ্ধবিধ্বস্ত কাহিল পৃথিবীকে নবধারা জলে স্নাত করতে। বিদ্বেষশূন্য প্রেমময় পৃথিবীর জন্য আমাদের প্রতিদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষায় “রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া” একটি নির্মল গোলাপ।’
অন্যদিকে অ্যানা ফ্রাঙ্ক নাটকটি নিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের বাহিনী একদিন দখল করে নেয় হল্যান্ড। ফ্রাঙ্ক পরিবার হিটলারের হাত থেকে বাঁচতে আত্মগোপন করে। ১৯৪২ সালের ৬ জুলাই তারা আশ্রয় নেয় সিক্রেট অ্যানেক্সে। ফ্রাঙ্ক পরিবারের ছোট মেয়ে অ্যানা ফ্রাঙ্ক। ছোট্ট, স্যাঁতসেঁতে একটা জায়গা। বাইরের বাতাস নেই, আলো নেই। এ অবস্থায় থাকতে গিয়ে হাঁপিয়ে ওঠে অ্যানা। যুদ্ধের ক্ষেত্রে বদ্ধ ঘরে ডায়েরি লেখে ছোট মেয়েটি। তার ডায়েরি যখন বিশ্ববাসী পড়ে তাদের আবেগ নাড়া দেয়। সেই আবেগ আমরা মঞ্চে নিয়ে এসেছি।’
এর আগে ‘নদ্দিউ নতিম’ নাটকটি নিয়ে ম্যাড থেটার দুবার গুয়াহাটি সফর করেছে। গুয়াহাটিতে এটা ম্যাড থেটারের তৃতীয় সফর।










