জনপ্রিয় নাট্য অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এবার তিনি হাজির হলেন তরুণ নির্মাতা নাজমুল রনির পরিচালনায় নতুন নাটক পার্সেল নিয়ে। নাটকটি রচনা করেছেন অনামিকা মণ্ডল, যেখানে তানিয়ার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর।
নাটকের গল্প একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়ে যায়, যা তানিয়া বৃষ্টির মতে বেশ ব্যতিক্রমধর্মী। তিনি বলেন, ‘আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। পরিচালকের সঙ্গে বিস্তারিত আলোচনা করে চরিত্রটিকে সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন এমন একটি সময়, যখন নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হচ্ছে, যা অভিনয়ের চ্যালেঞ্জকে আরো বাড়িয়ে দিয়েছে।’
নির্মাতা নাজমুল রনি তানিয়া বৃষ্টিকে নিয়ে বলেন, ‘তিনি এখন ভীষণ পরিপক্ব অভিনেত্রী। কাজের প্রতি তার ডেডিকেশনই তাকে এ অবস্থানে নিয়ে এসেছে। পার্সেল নাটকে তার অভিনয় দর্শকের ভালো লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
তানিয়া বৃষ্টির সাম্প্রতিক কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জাকিউল ইসলাম রিপনের ‘মেথর’, মঞ্জিল হাসানের ‘কন্যা’, ওএসআর মজুমদারের ‘না বলা কঠিন’, যেখানে তার অভিনয় দর্শকের মন জয় করেছে।
পার্সেল শিগগিরই একটি জনপ্রিয় টিভি চ্যানেল ও পরে ইউটিউবে প্রচার হবে। পাশাপাশি তার মহিন খান ও অনন্য ইমনের নির্দেশনায় নিলয় আলমগীর ও মোশাররফ করিমের বিপরীতে অভিনীত নাটকগুলোও দর্শকের জন্য আসছে।
গত বছর সাগর জাহানের ‘চোখটা আমাকে দাও’ নাটকে অসাধারণ অভিনয়ের জন্য তানিয়া শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারে ভূষিত হন।










