মুক্তির পর ১৬ দিন পার করেছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। এরই মধ্যে বক্স অফিসে বৈশ্বিকভাবে ১০০ কোটি ডলার আয় করেছে সিনেমাটি। শন লেভি পরিচালিত সিনেমায় ডেডপুল চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস ও উলভারিন চরিত্রে হিউ জ্যাকম্যান। সিনেমাটি মার্ভেলের এ সময়কার সফলতম সংযোজন। এতে ডেডপুল ও উলভারিনের পাশাপাশি মার্ভেলের আরো অনেক চরিত্রের ক্যামিও আছে। কিন্তু সম্প্রতি জানা গেল, সিনেমাটিতে আয়রনম্যান চরিত্রে ক্যামিও করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। 

ডেডপুল অ্যান্ড উলভারিনের সহলেখক রিট রিজ ও পল ওয়েরনিক। তারা সম্প্রতি ইন্ডিঅয়্যারের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই প্রকাশ করেছেন টনি স্টার্ক চরিত্রে অভিনয় করতে রাজি হননি ডাউনি জুনিয়র। চিত্রনাট্যকার ও নির্মাতার পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়েছিল। প্রস্তাব ফেরানোর কারণটা এখন স্পস্ট। সিনেমাটি মুক্তির দিনই জানানো হয়েছে মার্ভেলের নতুন একটি প্ল্যান। মার্ভেল তার ‘অ্যাভেঞ্জার্স: ক্যাং ডাইন্যাস্টি’ নির্মাণে নতুন পরিকল্পনা নিয়েছে। ক্যাং ডাইন্যাস্টি পাল্টে নামকরণ হয়েছে ‘ডুমসডে’। আর সেখানে ডক্টর ডুম চরিত্রে মার্ভেলে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র।

এ নিয়ে লেখক ওয়েরনিক ইন্ডিঅয়্যারকে বলেন, ‘আমরা তাকে ক্যামিওতে চেয়েছিলাম। হ্যাপি (জন ফ্যাভ্রিউ) ও ডাউনিকে নিয়ে সাজানো হয়েছিল দৃশ্যটা।’ অন্যদিকে রিট রিজ বলেন, ‘রায়ান রেনল্ডস এ দৃশ্যে দুজনকেই রেখেছিলেন, যাতে ডাউনিকে পাওয়া যায়। তাছাড়া ফ্যাভ্রিউকে পাওয়া মানে আয়রন ম্যান ও হ্যাপি হোগানের সে জুটিকে পাওয়া। পুরো দৃশ্যে তারা দুজন বাজিমাত করে দেয়ার ক্ষমতা রাখেন।’

কিন্তু সে রকম কিছু সম্ভব ছিল না। ততদিনে ডক্টর ডুমের জুতায় পা গলানোর প্রস্তুতি নিয়ে ফেলেছেন রবার্ট। সুতরাং আয়রন ম্যান চরিত্রে ফেরা সম্ভব নয়। এ নিয়ে ওয়েরনিক বলেন, ‘আমরা তো আর জানতাম না এদিকে কী চলছে। দুটো চরিত্র তো এ সময় আর করা যায় না। এমনিতে রায়ান রেনল্ডসকে রবার্ট কখনো না বলেন না। কিন্তু এখানে পরিস্থিতির কারণে কাজটা করা সম্ভব ছিল না।’

এ কথার পর চিত্রনাট্যকাররা আরেকটি গোপন কথা প্রকাশ করেছেন। তাদের ইচ্ছা ছিল অ্যাভেঞ্জার্সের প্রথম ছয় চরিত্রকেও এ সিনেমায় ফেরাবেন। তবে বিষয়টি তারা একদম শুরুতে চিন্তা করেছিলেন। প্রাথমিক এ চিন্তা কখনো পরিকল্পনায় রূপ নিতে পারেনি। চিত্রনাট্যকার দুজনই জানান, তাদের খুব ইচ্ছা ছিল মার্ক রুফালোর হাল্ক, স্কারলেট জোহানসনের ব্ল্যাক উইডো, ক্রিস হেমসওয়ার্থের থর, জেরেমি রেনারের হকআই ও ক্রিস ইভান্সের ক্যাপ্টেন আমেরিকাকে ফেরাবেন এ সিনেমায়।

সেসব না হলেও খুব ক্ষতি হয়নি। একেবারেই হয়নি। বহুদিন পর মার্ভেল পেয়েছে বিলিয়ন ডলার আয় করা সিনেমা।

সূত্র: ইন্ডিঅয়্যার