মুক্তি পেয়েছে কেজিএফ: চ্যাপ্টার টু। এরই মধ্যে সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। এ সিনেমায় কন্নড় স্টার যশের সঙ্গে অভিনয় করেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডন। সম্প্রতি দক্ষিণ ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পার্থক্য নিয়ে কথা বলেছেন বলিউডের এ তারকা। তার মতে, দক্ষিণ ভারতীয় সিনেমায় ভারতীয় সংস্কৃতি তুলে ধরা হয়। অন্যদিকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি পশ্চিমকে অনুকরণ করতে ব্যস্ত।
সাক্ষাত্কারে রাভিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, দক্ষিণের সিনেমায় আমাদের দেশের সংস্কৃতি তুলে ধরা হয়। তবে হিন্দি সিনেমায় নয়।’
কেজিএফ সিনেমার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘আবেগের যোগ না থাকলে কোনো সিনেমা সফলতা পায় না।’
রাভিনা আরো বলেন, ‘নব্বইয়ের দশকে আমাদের দেশে পশ্চিমা দেশগুলোর অনুকরণ করার প্রবণতা শুরু হয়। এর পর থেকে পরিবর্তন আসে। সবাই হলিউড হতে চাচ্ছিল, যার প্রভাব পড়েছিল আমাদের ভারতীয় সংস্কৃতি ও সিনেমায়। এটা আমাদের ক্ষতি করেছে। যখন আমি দক্ষিণের সিনেমার শুটিংয়ে যেতাম তখন বুঝতে পারতাম, তারা নিজেদের সংস্কৃতি, রীতিনীতি নিয়ে বেশ সচেতন। এ ধরনের গল্পকে ঘিরেই দক্ষিণের সিনেমাগুলো আবর্তিত হয়। আমি মনে করি, শিগগিরই জনসাধারণ বিষয়টি চিহ্নিত করবে এবং তাদের সিনেমা সুপার-ডুপার হিট করবে।’
বলিউডের সিনেমায় কিছু দুর্বলতা তৈরি হয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘মুম্বাইয়ের সিনেমার চিত্রনাট্যগুলোয় এ দুর্বলতার বিষয়টি উপলব্ধি করেছি। আমি মনে করতাম, দর্শক বিষয়টি লক্ষ করছে এবং হিন্দি সিনেমা থকে দূরে সরে যাচ্ছে। যদিও কেজিএফ সিনেমা অ্যাকশন সিনেমা। আমার মনে হয় বড় পর্দার আবেগ যখন মানুষের হূদয়কে নাড়া দেয় তখন সিনেমাটির সাফল্যের পথ সহজ হয়ে যায়। সিনেমার আবেগ দর্শকের কাছে না পৌঁছলে সিনেমাটি ইতিহাস তৈরি করতে পারে না।’
এ বছরের শুরুতে রাভিনাকে নেটফ্লিক্সের থ্রিলার সিরিজ আরণ্যকে দেখা গিয়েছিল। তার সঙ্গে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আশুতোষ রানা। কেজিএফ: চ্যাপ্টার টুতে প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাভিনা। মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










