বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার গ্র্যামিডটকমে এবার মোট ৯৫টি বিভাগে মনোনয়ন প্রকাশ করা হয়। সর্বাধিক নয়টি মনোনয়ন পেয়েছেন আধুনিক হিপ-হপের প্রভাবশালী শিল্পী কেনড্রিক লামার। এর মধ্যে তার অ্যালবাম, রেকর্ড ও বর্ষসেরা গান রয়েছে। লেডি গাগা, ব্যাড বানি ও সাবরিনা কার্পেন্টারও এ বছর শীর্ষ মনোনীত শিল্পীদের মধ্যে আছেন। লেডি গাগা রেকর্ড, গান ও বর্ষসেরা অ্যালবাম একসঙ্গে এ তিন বিভাগে মনোনীত হয়েছেন। এছাড়া তার পপ একক পারফরম্যান্স, পপ ভোকাল অ্যালবাম, ড্যান্স পপ রেকর্ডিং ও ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম বিভাগেও পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।
এবার মনোনয়নের ইতিহাস গড়েছেন ব্যাড বানি। তিনি প্রথম স্প্যানিশ ভাষার শিল্পী, তার অ্যালবাম ‘আই শুড হ্যাভ টেকেন মোর ফটোজ’ অ্যালবামের জন্য একই বছর একসঙ্গে গ্র্যামির তিনটি সবচেয়ে মর্যাদাপূর্ণ বিভাগে (সেরা অ্যালবাম, রেকর্ড এবং বর্ষসেরা গান) মনোনয়ন পেয়েছেন।
কোরিয়ান পপ গানও পেয়েছে প্রাপ্য স্বীকৃতি। গায়িকা রোজে ও ব্রুনো মার্সের সহযোগিতায় তৈরি জনপ্রিয় গান ‘এপিটি’ মনোনীত হয়েছে রেকর্ড অব দ্য ইয়ার, বর্ষসেরা গান ও সেরা পপ গ্রুপ পারফরম্যান্স বিভাগে।
এছাড়া নেটফ্লিক্সের জনপ্রিয় কোরিয়ান চলচ্চিত্র ‘কিপপ ডেমন হান্টার’-এর গান ‘গোল্ডেন’ মনোনীত হয়েছে বর্ষসেরা গান, পপ গ্রুপ পারফরম্যান্স ও ভিজুয়াল মিডিয়ার সেরা গান বিভাগে। এ ঘটনা পপ গানের উজ্জ্বলতা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে জ্যাক অ্যান্টোনফ প্রথম প্রযোজক ও গীতিকার, যিনি একই বছর দুজন ভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করে তিনটি প্রধান বিভাগে (বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা গান ও বর্ষসেরা রেকর্ড) মনোনয়ন অর্জন করেছেন।
গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে গান প্রকাশ হওয়ার শর্ত দেয়া হয়। ২০২৬ সালের পুরস্কারের জন্য গান প্রকাশের সময়সীমা ছিল ২০২৪ সালের ৩১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ আগস্ট পর্যন্ত। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ক্রিপ্টোডটকম অ্যারিনায় আয়োজিত গ্র্যামি অ্যাওয়ার্ডের সরাসরি সম্প্রচারে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ক্রিপ্টোডটকম অ্যারিনা থেকে সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে। উল্লেখ্য, গ্র্যামি অ্যাওয়ার্ড বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কারগুলোর অন্যতম। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য রেকর্ডিং একাডেমি কর্তৃক প্রতি বছর দেয়া হয়।
সূত্র: সিএএন এবং এপি










