ডিজনির সঙ্গে গাই রিচির যোগাযোগ পুরনো। ২০১৯ সালে তিনি ডিজনির আলাদিন পরিচালনা করেছিলেন। এবার হারকিউলিসের লাইভ অ্যাকশন আনছেন তিনি। ভ্যারাইটির একটি সূত্র জানিয়েছে, রুশো ব্রাদার্স প্রযোজনা করবেন সিনেমাটি। অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম পরিচালনার জন্য রুশো ব্রাদার্স বিখ্যাত। হারকিউলিসের জন্য ডিজনির পক্ষ থেকে অ্যাকশন স্পেশালিস্ট ডেভ কোলাহ্যামকে এ প্রজেক্টে যুক্ত করা হয়েছে।
গাই রিচির সর্বশেষ অ্যাকশন প্যাকড সিনেমা ছিল জেক জিলাহলের সঙ্গে। সিনেমাটি ২০২২ সালের শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে পিছিয়েছে। যেহেতু সিনেমাটি পিছিয়ে গেছে এখন গাই রিচি ডিজনির সঙ্গে তার নতুন সিনেমাটি নিয়ে সময় দিতে পারবেন। আলাদিন পরিচালনার কারণে ডিজনির কাজের সঙ্গে তিনি পরিচিত। এ ধারাটিতে তাকে নিয়ে আসা নতুন বা অসম্ভব কোনো বিষয় নয়।
ডিজনির অ্যানিমেটেড হারকিউলিসের পরিচালক ছিলেন রন ক্লেমেন্টোস ও জন মাস্কার। অ্যানিমেশনে মিউজিক্যাল জার্নির মধ্য দিয়ে হারকিউলিসের মিথটি তুলে আনা হয়েছিল। অ্যানিমেটেড সংস্করণটিতে মিউজিক দিয়েছিলেন অ্যালান মেঙ্কেন। টেট ডোনোভান মূল চরিত্র অর্থাৎ হারকিউলিসের চরিত্রের কণ্ঠ দিয়েছিলেন। মেগারার কণ্ঠে ছিলেন সুসান ইগান। হেইডসের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন জেমস উডস। এ হেইডসই হারকিউলিসকে অপহরণ করে মানুষের দুনিয়ায় নিয়ে আসে। সে সিনেমাটির গল্পে হারকিউলিসকে ফিলোক্রিটস তার অতিমানবীয় শক্তি ব্যবহার করতে শেখায় এবং এমন তাকে অলিম্পাসে বসবাসের যোগ্য করে তোলে।
ডিজনির অরিজিনাল হারকিউলিস সাড়ে ৮ কোটি ডলারে নির্মিত হয়েছিল এবং বিশ্বজুড়ে এর আয় ছিল ২৫ দশমিক ২ কোটি ডলার। এটিকে লাইভ অ্যাকশনে আনার মধ্য দিয়ে ডিজনি তার ধারাবাহিকতা রক্ষা করছে। কেননা, এর আগে বিউটি অ্যান্ড দ্য বিস্ট (১৯৯১), আলাদিন (১৯৯১) এবং দ্য লায়ন কিং (১৯৯৪) অ্যানিমেশনের পর লাইভ অ্যাকশন তৈরি হয়েছিল।
রুশো ব্রাাদার্স এখন তাদের পরবর্তী সিনেমা দ্য গ্রে ম্যান নিয়ে ব্যস্ত। জুলাইয়ে মুক্তি পেতে যাওয়া অ্যাকশন থ্রিলারটি নেটফ্লিক্সের এযাবৎকালের সবচেয়ে বড় বাজেটের সিনেমা।
সূত্র: ভ্যারাইটি










