শুরু থেকেই নিজস্ব প্রযোজনায় নাটক নির্মাণে দীপ্ত টিভি গুণী ও প্রতিভাবান অভিনয়শিল্পীদের অগ্রাধিকার দিয়ে আসছে। দীপ্তর বেশির ভাগ দীর্ঘ ধারাবাহিকেই মূল চরিত্রে অভিনয়ে অগ্রাধিকার পেয়ে আসছে মঞ্চাভিনয় শিল্পী এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী অভিনেতা ও অভিনেত্রীরা। তারই ধারাবাহিকতায় আসন্ন নতুন ধারাবাহিক ‘দেনা পাওনা’র জন্যও বাছাই করা হচ্ছে শিল্পীদের। এ বাছাই প্রক্রিয়া ঢাকার পাশাপাশি চলছে চট্টগ্রাম ও রাজশাহীতেও। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে ৮ অক্টোবর হয়ে গেল প্রথম অডিশন। রাজশাহীর অডিশন ১১ অক্টোবর (রাজশাহী শিশু একাডেমি) এবং ঢাকায় দীপ্ত টিভির নিজস্ব ভবনে অডিশন ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগ্রহী শিল্পীদের দ্রুত যথাযথ প্রক্রিয়ায় দীপ্ত টিভির সঙ্গে যোগাযোগ করতে এবং দীপ্ত টিভির অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখতে বলা হচ্ছে।

অডিশন নিয়ে দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ বলেন, ‘চট্টগ্রামে প্রথম দিনের অডিশনে ভালো অভিনয়শিল্পী পেয়েছি। আমরা আশা করছি, দেনা পাওনা নাটকে ঢাকার বাইরের শিল্পীদের দীপ্ত টিভির সঙ্গে যুক্ত করতে পারব।’ 

দীপ্ত টিভির প্রযোজনায় নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক ও পরিচালনায় আছেন গোলাম মুক্তাদির। 

রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প থেকে অনুপ্রাণিত ধারাবাহিক নাটক দেনা পাওনার শুটিং শিগগিরই শুরু হতে যাচ্ছে।