থাইল্যান্ডে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা, যিনি চলতি বছর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট জিতেছিল। প্রতিযোগিতায় ১২১টি দেশের অংশগ্রহণে এখন চলছে ভোট প্রদান কার্যক্রম।
২ নভেম্বর ব্যাংককে পৌঁছে মিথিলা অংশ নেন বিভিন্ন আয়োজন ও ইভেন্টে। এরপর পুকেটের বিভিন্ন কার্যক্রম শেষে সম্প্রতি তিনি চলে এসেছেন পাতায়ায়। মঙ্গলবার রাত পর্যন্ত ভোটে তিন নম্বরে উঠে গেছে মিথিলার নাম। খবর পেয়ে আনন্দ, আবেগ ও উচ্ছ্বাসে ভাসছেন তিনি। মিথিলা জানালেন, ‘ভোটে তিন নম্বরে উঠে যাওয়ার খবর প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আমার শরীর কাঁপছিল, কান্না চলে এসেছিল। তবে দেশের মানুষের সমর্থন পেয়ে সত্যিই অভিভূত এবং অনুপ্রাণিত হয়েছি।’
মিথিলা জানান, প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ করা হবে ৫০ ভাগ ভোট ও ৫০ ভাগ বিচারকের রায় অনুযায়ী। তিনি আশা প্রকাশ করেছেন, দেশের মানুষ তাদের সমর্থনের মাধ্যমে ভোটে তাকে এগিয়ে রাখবেন।
মিথিলা বলেন, শুধু মঙ্গলবারেই ৬০ হাজারের বেশি ভোট পড়েছে। এই প্রথমবার মিস ইউনিভার্সে বাংলাদেশ এত ভালো অবস্থানে এসেছে। দেশের মানুষের এমন সমর্থন পেলে আশা করি সবার জন্য সুখবর নিয়ে আসতে পারব।’
এদিকে তানজিয়ার জন্য দেশীয় তারকা তারকা জয়া আহসান, তমা মির্জা, বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সালমান মুক্তাদির, শবনম ফারিয়া প্রমুখ ব্যক্তিরা ভোট চেয়েছেন।
বর্তমানে থাইল্যান্ডে মিস ইউনিভার্সের বিভিন্ন প্রাথমিক পর্ব ও ইভেন্ট চলছে। প্রতিটি পর্বে মিথিলা দারুণ উপস্থিতিতে নজর কাড়ছেন। করোনার কারণে আন্তর্জাতিক মঞ্চে ২০২০ সালে অংশ নিতে পারেননি মিথিলা, তবে এ বছর আবার মুকুট জিতে অংশ নিয়েছেন। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম এই মুকুট জিতেছিলেন।










