ফের আইনি ঝামেলায় বলিউডের ভাইজান সালমান খান। সংবাদিক মারধর আর দুর্ব্যবহারের অভিযোগে এ অভিনেতাকে আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত তলব করেছেন। ২০১৯ সালের ২৪ এপ্রিল সালমানের বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এ তলব। 

২০১৯ সালের দিকে সালমানের বিরুদ্ধে মামলা করেছিলেন সাংবাদিক অশোক পান্ডে। তিনি অভিযোগ করেন, সালমান খান তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং একপর্যায়ে তার সেলফোন কেড়ে নিয়েছেন সালমান ও তার দেহরক্ষী। আইপিসি ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে সালমানের বিরুদ্ধে। এ মামলার জের ধরেই মঙ্গলবার আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে তলব করা হয়েছে সালমানকে। আগামী ৫ এপ্রিল কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে এ অভিনেতাকে।

সাংবাদিক অশোক পান্ডে জানান, ২০১৯ সালের এপ্রিলে সালমান খান তার দেহরক্ষীদের সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন। এ সময় অশোক তার দেহরক্ষীর অনুমতি নিয়ে সালমানের সাইকেল চালানোর ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি যখন সালমান খান দেখেন তিনি খুব রেগে যান এবং তার নির্দেশে দেহরক্ষীরা অশোকের সঙ্গে খারাপ ব্যবহার করেন, এমনকি তা হাতাহাতিতে গড়ায়। এক পর্যায়ে সাংবাদিকের সেলফোনটি কেড়ে নেয়া হয়। পরে এ ঘটনা থেকেই সালমানের নামে মামলা করেন ওই সাংবাদিক। করোনা মহামারীর কারণেই আদালতে মামলার শুনানিতে বিলম্ব হয়েছে বলা হচ্ছে।

অন্যদিকে ১৯৯৮ সালে দায়ের হওয়া কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে খালাস মেলেনি সালমান খানের। দুই দশক ধরে চলছে এ মামলা। সালমানের অনুরোধে মামলাটি এখন রাজস্থান হাইকোর্টে স্থানান্তর করা হয়েছে। এখন দেখার পালা, ৫ এপ্রিল কী বলেন সালমান খান।

 

সূত্র: আউটলুক ইন্ডিয়া