এ মুহূর্তে ভারতে বহুল আলোচিত সিনেমার নাম আরআরআর। সিনেমার দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি সিনেমার সুপারস্টার রামচরণ ও এনটি রামা রাও। যদিও জুনিয়র এনটিআর নামেই বেশি পরিচিত রামা রাও। জুনিয়র এনটিআর সম্প্রতি কথা বলেছেন সিনেমার শুটিংয়ের সময় কীভাবে রামচরণের সঙ্গে তার বন্ধুত্ব কাজ আরো সহজ করে দিয়েছিল।

এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর সিনেমার প্রচারের সময় রামচরণের সঙ্গে নিজের ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়ে কথা বলতে গিয়ে জুনিয়র এনটিআর বলেন, ‘আমাদের বন্ধুত্ব সিনেমার শুটিং এবং এর বাইরের কাজগুলো করতে অনেক সাহায্য করেছে। আরআরআরের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে এটা সত্যি চমত্কার কাজে এসেছে।’

দুই তারকার বন্ধুত্ব শুরুর গল্পও বলেন জুনিয়র এনটিআর। তিনি বলেন, ‘আমরা অনেক দিনের পুরনো বন্ধু। তারকাদের নিয়ে আয়োজিত একটি ক্রিকেট ম্যাচ খেলার সময় এর সূচনা। আমরা খুব ভালো বন্ধু, তবে আমরা কখনো একসঙ্গে অভিনয় করিনি। আরআরআরের মাধ্যমে আমরা প্রথমবার একসঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি।’

দক্ষিণি তারকা রামচরণকে নিয়ে জুনিয়র এনটিআর বলেন, ‘রামচরণের মধ্যে অনেক ছেলেমানুষি আছে। সে অনেকটা পাগলা স্বভাবের। রামচরণ নিজের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি খোলামেলা নয়। আমার মনে হয় রামচরণ একজন ইন্ট্রোভার্ট ব্যক্তিত্বের অধিকারী। আপনাকে কেবল তার সঙ্গে বন্ধুত্ব করে সাবলীল হতে হবে, তাহলেই রামচরণকে বুঝতে পারবেন। আমি তাদের দলে, তাই আমাদের বন্ধুত্ব বেশ মজবুত। আমরা কখনই নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করি না।’

২৫ মার্চ বিশ্বব্যাপী আট হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরআরআর। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে প্রায় ২৫০ কোটি রুপি।

 সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস