দুই তারকার সিনেমা নিয়ে বক্স অফিসের লড়াই নতুন কিছু নয় বলিউডের জন্য। কঙ্গনা রানাওয়াতের ধকড় ও কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া টু দিয়ে এর পুনরাবৃত্তি হলো। ২০ মে মুক্তি পায় সিনেমা দুটি। তবে বক্স অফিস দখলের লড়াইয়ে এগিয়ে আছেন কার্তিক আরিয়ান। সিনেমা দুটির ধরন ও বিষয়বস্তু কিন্তু সম্পূর্ণ আলাদা। ভুল ভুলাইয়া টু হরর কমেডি ধাঁচের, অন্যদিকে ধকড় অ্যাকশন থ্রিলার সিনেমা।
প্রথম দিনেই কার্তিক আরিয়ান অভিনীত ভুল ভুলাইয়া টু সিনেমাটি আয় করে নিয়েছে ১৪ কোটি রুপির বেশি। দুদিনে সিনেমাটি আয় করেছে ৩২ কোটি ৪২ লাখ রুপি। দর্শক যে এ সিনেমা সাদরে গ্রহণ করেছে, এটি তার সুস্পষ্ট লক্ষণ। সমালোচকদের ধারণা বক্স অফিসে দাপুটে অবস্থানে থাকবে এ সিনেমা। প্রথম সপ্তাহেই আয় করতে পারে ৫৭ কোটি রুপি।
অন্যদিকে কঙ্গনা রানাওয়াতের ‘ধকড়’ সিনেমাটির ট্রেলার প্রকাশের পর দর্শক সাড়া পেলেও প্রেক্ষাগৃহে নাজুক অবস্থানে রয়েছে এটি। ভারতীয় সংবাদমাধ্যমের হিসাবে দুদিনে সিনেমাটির আয় ১ কোটি রুপি। দর্শক যে সিনেমাটিকে সমাদর করেনি তা আলাদা করে বলার প্রয়োজন হয় না। সমালোচকদের ধারণা সপ্তাহজুডে ধকড় মোটে দেড় কোটি রুপি আয় করতে পারে। আর সব মিলিয়ে সিনেমাটি আয় করতে পারে ৩ থেকে ৫ কোটি রুপি।
ধকড় মুক্তির আগে প্রচার নিয়ে বেশ ব্যস্ত ছিলেন কঙ্গনা রানাওয়াত। সিনেমাটি আশানুরূপ আয় করতে ব্যর্থ হলেও এর আগে একাধিক বক্স অফিস হিট সিনেমায় কাজ করেছেন কঙ্গনা।
‘ভুল ভুলাইয়া টু’
সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। এছাড়া এ সিনেমায় বহুদিন পর রয়েছেন বলিউড তারকা টাবু। ভুল ভুলাইয়া টু পরিচালনা করেছেন আনিস বাজমি।
রজনীশ ঘাই পরিচালিত ধকড়ে এজেন্ট অগ্নির ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। এছাড়া অর্জুন রামপাল ও দিব্যা দত্ত অভিনয় করেছেন এ সিনেমায়।
সূত্র: বলিউড হাঙ্গামা










