শার্লক হোমস সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এবার শার্লক হোমস টিভি সিরিজ তৈরির পরিকল্পনায় এইচবিও ম্যাক্স ও ওয়ার্নার ব্রাদার্স। এ সিরিজে শার্লক হোমসের ভূমিকায় দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রকে। শার্লক হোমস থ্রি সিনেমার ছাঁচেই নতুন সিরিজটি নির্মাণ করার পরিকল্পনা চলছে।

উইগ্রাম প্রডাকশনের লিওনেল উইগ্রামের সঙ্গে নতুন এ সিরিজ নির্বাহী প্রযোজনায় যুক্ত থাকবেন রবার্ট ডাউনি জুনিয়র ও তার স্ত্রী সুসান ডাউনি। শার্লক হোমসের গল্প থেকে স্পিন-অফ নির্মাণ করার পরিকল্পনা এটাই প্রথম নয়। এর আগে বহুবার হয়েছে। তবে সিনেমার স্পিন-অফ সিরিজ এই প্রথম। মূলত ডাউনি জুনিয়র অভিনীত শার্লক হোমস থ্রি থেকেই নতুন প্রকল্পটির কাজ করা হবে। ২০২০ সালের ডিসেম্বরে শার্লক হোমস থ্রি মুক্তির কথা থাকলেও কভিড-১৯ মহামারীর কারণে সিদ্ধান্তে পরিবর্তন আসে। তবে ডাউনি জুনিয়র ও পরিচালক ডেক্সটার ফ্লেচার উভয় জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় সিনেমাটি খুব দ্রুত পর্দায় আসতে চলেছে।

স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট শার্লক হোমস চরিত্রের ওপর ভিত্তি করে নির্মিত দুটি সিনেমা এনেছে ওয়ার্নার ব্রোস। ডাউনি জুনিয়র অভিনীত শার্লক হোমসের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৯ সালে। এটি ব্যাপক সাড়া ফেলে। বক্স অফিসে হিট সিনেমাটির সিকুয়াল শার্লক হোমস: আ গেম অব শ্যাডোস মুক্তি পায় ২০১১ সালে। এতে জন ওয়াটসন চরিত্রে অভিনয় করেছেন জ্যুড ল।

 

সূত্র: বলিউড হাঙ্গামা