বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের আর মাত্র কয়েক দিন বাকি। ১৪ এপ্রিল আলিয়ার বাড়িতে বিয়ে করতে যাচ্ছেন এ তারকা জুটি। বিয়ের আগে সংবাদিকদের মুখোমুখি হতে চান না আলিয়া। এ কারণে বাড়ি থেকে বের হচ্ছেন না এ অভিনেত্রী।

আলিয়া-রণবীরের বিয়ের তারিখ সামনে আসতেই সংবাদমাধ্যমগুলো ব্যস্ত হয়ে পড়েছে। বলিউডে বিয়ের খবর আসতেই সংবাদকর্মী আর ফটোগ্রাফারদের এ ব্যস্ততা নতুন কিছু নয়। স্বাভাবিকভাবেই বিয়ে উপলক্ষে এ তারকা জুটির সঙ্গে কথা বলতে আগ্রহী সংবাদমাধ্যমগুলো। আলিয়ার পক্ষ থেকে তার এক ঘনিষ্ঠ আত্মীয় জানিয়েছেন, এ মুহূর্তে বিয়ে-সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলতে চান না আলিয়া ভাট। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের আগ পর্যন্ত পাপারাজ্জিদের থেকে সম্পূর্ণ দূরে থাকবেন।

আলিয়া ও রণবীর জুটির প্রেম আর বিয়ের গুঞ্জন বেশকিছু দিন ধরেই চলছিল। সর্বশেষ জানা যায়, ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়ছেন এ তারকা জুটি। বিয়েতে কেবল দুই পরিবারের সদস্য ও বন্ধুরা উপস্থিত থাকবেন। তবে ১৬ এপ্রিল মহা ধুমধামে হতে যাচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। এদিন বলিউড তারকারাও শামিল হবেন আলিয়া-রণবীরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে। তারকাদের তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মতো শীর্ষ তারকারা।

মহেশ ভাট কন্যা আলিয়াকে সর্বশেষ দেখা গিয়েছে রাজামৌলি পরিচালিত আরআরআর সিনেমায়। বক্স অফিসে ঝড় তুলেছে এ সিনেমা। দুই সপ্তাহে আরআরআর আয় করেছে ১ হাজার কোটি রুপির বেশি। এর আগে আলিয়া অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমাটি বক্স অফিসে হিট করে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি গত ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয়ের জন্য সবার প্রশংসা পান আলিয়া ভাট।

 

সূত্র: বলিউড হাঙ্গামা