চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন সময়ের দাবি। বেশ আগে থেকেই চলচ্চিত্র নির্মাণে জেনারেটিভ ইমেজ (জিআই) ব্যবহার করা হচ্ছে। কিন্তু অনেক নির্মাতা আবার এসবের বিরোধী। তাদের মধ্যে আছেন গিয়ের্মো দেল তোরো। সম্প্রতি এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, ভবিষ্যতেও তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন না।

গিয়ের্মো দেল তোরোর সর্বশেষ নির্মাণ ফ্র্যাংকেনস্টাইন। তবে থিয়েটার নয়, সিনেমাটি তিনি নির্মাণ করেছেন নেটফ্লিক্সের জন্য। মেরি শেলির উপন্যাসটি থেকে আগেও সিনেমা তৈরি হয়েছে। তবে দেল তোরো এবার নিজের কল্পনাকে ব্যবহার করেছেন। তিনি বরাবরই বড় পরিসরে সিনেমা নির্মাণ করতে পছন্দ করেন। এবারো তার ব্যতিক্রম হয়নি। এ সূত্রেই জানালেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশেষত জেনারেটিভ এআই ব্যবহারে তার আপত্তি আছে।

সাক্ষাৎকারে দেল তোরো বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশেষত জেনারেটিভ এআই নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আর কোনোদিনই থাকবে না। আমার বয়স এখন ৬১ বছর। আমি আশা করি, যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত একে ব্যবহার করার কোনো আগ্রহ আমার মধ্যে জাগবে না।’

বিষয়টি ব্যাখ্যাও করেছেন দেল তোরো। তিনি মনে করেন, প্রকৃত বিপদ প্রযুক্তি নিজে নয়, বরং মানুষের ‘স্বাভাবিক মূর্খতা’। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভুলভাবে ব্যবহার করলে সমূহ ক্ষতি হবে। বিষয়টিকে তিনি তার নতুন সিনেমা ‘ফ্র্যাংকেনস্টাইন’-এর সঙ্গে তুলনা করেছেন। তার মতে, এ গল্পের কেন্দ্রে আছে অহংকার।

দেল তোরো বলেন, ‘আমি চেয়েছিলাম যেন ভিক্টরের সে অহংকার কিছুটা আজকে যারা প্রযুক্তি নিয়ে কাজ করেন, তাদের মতো লাগে। তারা কিছু তৈরি করছে, কিন্তু পরিণতি নিয়ে কোনো চিন্তা করছে না। আমার মনে হয়, আমাদের এখন একটু থেমে ভাবা উচিত আমরা আসলে কোন পথে এগোচ্ছি।’

সূত্র: ডেডলাইন