রাশিয়া ও ইউক্রেনের চলমান সংকট নিয়ে কথা বলেছেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন, যাতে তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এতে তিনি বলেন, ‘ইউক্রেনের যুদ্ধ সম্পর্ক জনগণকে ভুল তথ্য দেয়া হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজের জন্যই রাশিয়ান সৈন্যদের দিয়ে যুদ্ধ করাচ্ছেন।’

৯ মিনিটের ভিডিও বার্তায় শোয়ার্জনেগার বলেন, ‘রাশিয়ান সৈন্যদের জানানো হয়েছিল তারা ইউক্রেনের নািসদের সঙ্গে যুদ্ধ করবে এবং তারা দেশটিকে রক্ষা করবে। তবে এখন অনেক সৈন্য দাবি করছেন যে তাদের মিথ্যা বলা হয়েছে।’

শোয়ার্জনেগার বলেন ‘এটি একটি অবৈধ যুদ্ধ। ইউক্রেন বা নািসরা এ যুদ্ধ শুরু করেনি। মূলত ক্ষমতায় থাকা ব্যক্তিরা এ যুদ্ধের সঙ্গে জড়িত। ক্রেমলিনে ক্ষমতায় থাকা ব্যক্তিরা এর জন্য দায়ী।’ যুদ্ধ বন্ধ করার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।

এ তারকা আরো বলেন, ‘রাশিয়ার বেশির ভাগ মানুষ জানে না এখানে কী হচ্ছে। দেশটিতে বিভিন্ন সেবা বন্ধ করে দেয়া হয়েছে। তাদের জানতে দেয়া হচ্ছে না ইউক্রেনে কী হচ্ছে। রাশিয়ানদের ইউক্রেন সম্পর্কে ভুল তথ্য দেয়া হচ্ছে।’ এ বার্তায় আর্নল্ড শোয়ার্জনেগার সরাসরি পুতিনকে উদ্দেশ করে বলেন, ‘আপনি যুদ্ধ শুরু করেছেন, আপনি এর নেতৃত্ব দিচ্ছেন এবং আপনিই এ যুদ্ধ বন্ধ করতে পারেন।’

ইউক্রেন আক্রমণ নিয়ে রাশিয়ান সরকারের কঠোর সমালোচনা করেন শোয়ার্জনেগার। ভিডিও বার্তায় ইউক্রেনের পক্ষ নিয়ে প্রতিবাদ করা রাশিয়ানদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি। শোয়ার্জনেগার বলেন, ‘অনেক রাশিয়ানই ইউক্রেনের জন্য রাস্তায় নেমেছে। তারা প্রকৃত পক্ষে হিরো। নিজেদের কথা না ভেবে যুদ্ধ বন্ধে প্রতিবাদ করায় অনেককেই গ্রেফতার করা হচ্ছে রাশিয়ায়।’

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস