ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪-এর চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন নাজিবা বাশার ও ইরফান সাজ্জাদ।

এ আসরে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসে সিনেমাটিক এক্সিলেন্স পুরস্কার জিতেছে। ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসে ক্রিটিক চয়েজে সেরার পুরস্কার জিতেছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘সিনপাট’। শিহাব শাহীন পরিচালিত ওটিটি সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’-এর গান ‘মেঘ বালিকা’ গেয়ে সেরা গায়ক/গায়িকা পুরস্কার জিতেছেন মাহতিম সাকিব ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাদের যুগল কণ্ঠের আবেগ ও সুরের মেলবন্ধন গানটিকে বছরের সবচেয়ে স্মরণীয় গানের একটি করেছে। হইচই অরিজিনাল থ্রিলার ‘গোলাম মামুন’ ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের জনপ্রিয় বিভাগে সেরা ওয়েব সিরিজ পুরস্কার জিতেছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মোশাররফ করিম, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন পরীমনি।

এছাড়া সেরা কনটেন্ট ক্রিয়েটরের (রেসিপি, ফুড, ট্রাভেল) পুরস্কার জেতেন নাদির অন দ্য গো। বেস্ট কনটেন্ট ক্রিয়েটর অব দ্য ইয়ার হয়েছেন যৌথভাবে নাফিজ সেলিম ও শুভাশীষ ভৌমিক। সেরা কম্পোজার হয়েছেন মেঘ বালিকার জন্য ইমন চৌধুরী। সেরা গীতিকারের পুরস্কার জিতেছেন সাদাত হোসাইন। সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরারের পুরস্কার জিতেছেন জাহিদ নীরব। সেরা সাউন্ড ডিজাইনারের পুরস্কার জিতেছেন আদীপ সিং মানকি। সেরা মেকআপ আর্টিস্ট হয়েছেন রুবাবা ফাইরুজ। সেরা কস্টিউম ডিজাইনার জান্নাত মৌরি।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘ওটিটি প্লাটফর্মকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। এটা সৃজনশীল মানুষদের জন্য নতুন প্লাটফর্ম। এখানে সৃজনশীল মানুষদের বিরাট সম্ভাবনা আছে। আমরা সেই সব সৃজনশীল মানুষকে সম্মান জানাতে চাই। এ প্লাটফর্মে ভালো কাজ করলে ঢাকার কাজ ওটিটির মাধ্যমে আন্তর্জাতিক লেভেলে চলে যেতে পারে।’

এ আসরে ডিজিটাল প্লাটফর্মে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২৭ জনকে সম্মাননা দেয়া হয়েছে।