কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক ৬০ বছরের মতো। শুধু অভিনয় ও নির্মাণ নয়, লেখালেখিতেও তিনি বেশ সক্রিয়। ৭ সেপ্টেম্বর তার ৮০তম জন্মদিন। দিনটি সামনে রেখে ভক্তদের জন্য সুখবর দিলেন শক্তিমান এ অভিনেতা। জানালেন আত্মজীবনী লেখার কাজ শেষ করেছেন তিনি। এখন চলছে প্রচ্ছদ আঁকা ও প্রকাশনার প্রস্তুতি।

আবুল হায়াত নিজের জীবনী গ্রন্থের নাম দিয়েছেন ‘রবি পথ’। নামটি একটু অন্য রকম লাগলেও সূত্রটি বেশ সরল। অভিনেতা জানান, তার ডাকনাম রবি। রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে বাবা আদর করে তাকে রবি বলে ডাকতেন। সেখান থেকেই বইয়ের নাম রবি পথ রেখেছেন। এ গ্রন্থের মাধ্যমে আবুল হায়াত জানাবেন শৈশবের রবি থেকে আজকের আবুল হায়াতের পুরোটা পথ।

আত্মজীবনীতে ঠিক জীবনের কোন কোন অংশ তুলে ধরেছেন তিনি এ বিষয় নিয়েও কথা বলেছেন। এ অভিনেতা বলেন, ‘বইটি লিখতে আমি অনেক সময় নিয়েছি, যা প্রায় ১০ বছর। কারণ এটি আমি গুছিয়ে লেখার চেষ্টা করেছি। বইতে আমার জন্ম থেকে এ পর্যন্ত যেগুলো আমার মনে হয়েছে বলা দরকার, সেগুলোই লিখেছি। আশা করছি, সব মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে এটি থেকে।’

১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। ১৯৪৭ সালে ট্রেনে চেপে পরিবারের সঙ্গে চলে আসেন চট্টগ্রামে। মাত্র ১০ বছর বয়সে মঞ্চে ওঠেন অভিনয়ের জন্য। যে অভিনয়ের সঙ্গে এখনো নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি।