কানের উদ্দেশে রওনা হয়েছেন দীপিকা পাড়ুকোন। গতকাল তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায়। ফ্রেঞ্চ রিভেরিয়ার উদ্দেশে উড়াল দিয়েছেন এ তারকা। ২০১৭ সাল থেকে নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন দীপিকা। প্রতিবারই চমত্কার সব পোশাকে উপস্থাপন করেন নিজেকে। কিন্তু এবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে যোগ দিচ্ছেন তিনি। প্যানেলে তিনিই একমাত্র ভারতীয় শিল্পী।
কান চলচ্চিত্র উৎসবে জুরি হওয়া একটি বিরল সম্মান। প্রসিদ্ধ ও গুণী শিল্পী এবং পরিচালকরা জুরি হওয়ার গৌরব লাভ করেন। এবারে জুরি হিসেবে থাকছেন ইরানি পরিচালক আসগর ফরহাদি, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, অভিনেত্রী ও চিত্রনাট্যকার রেবেকা হল, ইতালিয়ান অভিনেত্রী জেসমিন ত্রিঙ্কা, ফরাসি পরিচালক ল্যাজ লি, আমেরিকান পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ের সিনেমা পরিচালক জোয়াকিম ট্রায়ার। আটজনের জুরির একজন হচ্ছেন দীপিকা।
এবার উৎসবে যে সিনেমাগুলো দেখানো হবে তার মধ্যে ডেভিড ক্রনেনবার্গের ডিস্টোপিয়ান সাই-ফাই ক্রাইমস অব দ্য ফিউচার, দক্ষিণ কোরিয়ার পরিচালক পার্ক চ্যাং উকের ডিসিশন টু লিভ ও কেলি রিচার্ডটের শোয়িং আপ অন্যতম।
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর শুরু হবে ১৬ মে। ২৮ মে পর্যন্ত চলবে চলচ্চিত্রের এ ঐতিহ্যবাহী উৎসব। উৎসব চলাকালীন ১০ দিনই লালগালিচায় দীপিকা হাঁটবেন বলে ধারণা করা হচ্ছে। মুম্বাই এয়ারপোর্টে সাধারণ অফ হোয়াইট পোশাক আর কালো বুটে দীপিকাকে দেখা গেলেও এবারো লালগালিচায় নিজেকে নানা ডিজাইনের পোশাকে উপস্থাপন করবেন এতে কোনো সন্দেহ নেই।
সামনের দিনগুলোয় বলিউডেও বেশ ব্যস্ত সময় পার করবেন দীপিকা। শাহরুখ খানের সঙ্গে পাঠান সিনেমায় দেখা যাবে তাকে। নাগ অশ্বিনের পরিচালনায় প্রভাসের সঙ্গে একটি সিনেমা প্রি-প্রডাকশনে রয়েছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ফাইটারে হূতিক রোশনের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে দি ইনটার্নের পাশাপাশি হলিউডে একটি রোমান্টিক কমেডি সিনেমার কাজ তার হাতে রয়েছে। হলিউডের এ সিনেমা প্রযোজনাও করছেন দীপিকা পাড়ুকোন।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










