বাড়ি নিয়ে বিভ্রাটে পড়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। মামলায় জড়িয়ে এখন বাড়ি-ছাড়া তিনি। 

ইটের পর ইট গেঁথে বাড়ি তৈরি হয়। আর বাড়ি নিয়ে মানুষের থাকে স্বপ্ন। স্বপ্নের সে বাড়িতে ইটের ফাঁকে ফাঁকে স্বপ্নও যুক্ত হয়। বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর ক্ষেত্রেও তাই হয়েছে। মুম্বাইতে তিনি গড়ে তুলেছেন তার নিজস্ব তাজমহল। বাড়িটির নাম ‘‌নওয়াব’। বাবার নামে বাড়ির নামকরণ করেছেন নওয়াজ। সফেদ এ বাড়িতে আছে ছয়টি বেডরুম, দুটি বড় হল এবং বিস্তৃত দুটি লন। বাগানের জন্যও জায়গা রেখেছেন। তিনি সবুজ ভালোবাসেন। চান মুম্বাইতে যেন তার গ্রামের বাড়ির স্মৃতি ফিরে আসে।

এ বাড়ি নিয়ে নওয়াজ গৌরববোধ করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এটা আমার স্বপ্নের বাড়ি। এ বাড়ির পুরো নকশাটা আমার মাথায় আছে। এর সামান্য কোনো অংশ নিয়েও আমি কোনো আপস করব না। আমার অনুপস্থিতিতে কোনো পরিবর্তন করা হলে, তা ভেঙে ফেলি। আমি যেভাবে চেয়েছিলাম, বাড়িটা ঠিক সেভাবেই হতে হবে।

নওয়াজের এ বাড়িকে কখনো কখনো বলিউডের অন্যান্য তারকার বাড়ির সঙ্গে তুলনা করা হয়। বিশেষত শাহরুখ খানের মান্নাতের সঙ্গে। এ প্রসঙ্গে নওয়াজ বলেন, ‘কোনো তুলনার প্রয়োজন নেই। এটা আমার স্বপ্নের বাড়ি। আর তা কেবলই আমার। প্রত্যেকের স্বপ্ন আলাদা। আন্ধেরির ইয়ারি রোডে আপনারা চাইলে আমার বাড়ি দেখে যেতে পারেন। 

কিন্তু সে বাড়িটিই এখন নওয়াজের দুঃস্বপ্ন হয়ে উঠেছে। কেননা বাড়িটি নিয়ে মামলায় জড়িয়েছেন তার স্ত্রী ও মা। বলা হচ্ছে নওয়াজের স্ত্রী আলিয়াকে নওয়াজের মা বাড়িতে থাকতে দিচ্ছেন না। আলিয়াকে থাকতে হচ্ছে বসার ঘরের সোফায়। বিষয়টি কোনো ঘরোয়া সমস্যার কারণে হতে পারত, কিন্তু মামলার কারণে তা জটিল হয়ে উঠেছে। বিষয়টি নওয়াজকে তার বাড়ি থেকে দূরে সরিয়ে রেখেছে। নওয়াবে নওয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেননা তিনি এখন কোনো বক্তব্য দিলে তা নিজেরই বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মা কিংবা স্ত্রী যার পক্ষই নেন না কেন, অন্য পক্ষ থেকে উঠবে দায়িত্বহীনতার অভিযোগ। এ অবস্থায় বাড়ি থেকে দূরেই থাকছেন নওয়াজ। বলিউড হাঙ্গামা জানাচ্ছে, নওয়াজ এখন উঠেছেন একটি হোটেলে। স্বপ্নের বাড়ি ছেড়ে হোটেলের কামরা এখন তার বাসস্থান।

সূত্র: বলিউড হাঙ্গামা