টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন ‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে তাদের যাত্রা শুরু করেছিলেন ২০১৪ সালে।  আবারো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের এ দুই জনপ্রিয় মুখ। এ জুটি এবার ‘গণপথ’ সিনেমার মধ্য দিয়ে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। বিকাশ বাহল পরিচালিত এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ডন খ্যাত অমিতাভ বচ্চন।

 

‘গণপথ’ এর প্রযোজকের দায়িত্বে রয়েছেন জ্যাকি ভাগনানি। এ সিনেমায় ক্যামিও চরিত্রে বিগ বির উপস্থিতি থাকলেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। টাইগারের গুরুর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। সিনেমাটিতে শুটিংয়ের কাজ সেরে ফেলেছেন এই খ্যাতিমান অভিনেতা। 


বড়দিনকে সামনে রেখে এ বছরের ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘গণপথ’।

 

এর আগেও অমিতাভ ভাগনানির সিনেমায় কাজ করেছেন। বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ও ‘বিবি নম্বর ওয়ান’ অভিনয় করেছেন বিগ বি।

 

চলতি বছরে বড় পর্দায় একের পর এক চমক নিয়ে আসছেন অমিতাভ বচ্চন। মার্চ মুক্তি পায় সিনেমা ‘ঝুন্ড।’ এতে বিগ বিকে দেখা গিয়েছে একজন ফুটবল কোচের চরিত্রে অভিনয় করতে। সিনেমাটি বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও বরাবরের মতো সেরা অভিনয়ের তকমা পেয়েছেন অমিতাভ। এ বছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ‘ব্রহ্মাস্ত্র’। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে এ সিনেমায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া