হিউ জ্যাকম্যানের আলোচনা আজকাল পত্রিকার শিরোনাম ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’কে কেন্দ্র করে। এমন পরিস্থিতিতে উঠে এল অন্য এক খবর। তার ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ সিনেমার মঞ্চ রূপ দেখা যাবে শিগগিরই। দ্য গ্রেটেস্ট শোম্যান মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। মুক্তির পরই দারুণভাবে প্রশংসিত হয় সিনেমাটি। নেয়া হয়েছিল সিকুয়াল নির্মাণের উদ্যোগও। অবশ্য সে সিকুয়ালের অবস্থা এখন কী, তা সঠিকভাবে জানার জো নেই। এরই মধ্যে সিনেমাটির নাট্য রূপ প্রদর্শনের ঘোষণা দিল ডিজনি। তিনদিনজুড়ে থাকা এ আয়োজন উপভোগ করতে পারবেন ডিজনির সব ভক্ত। দ্য গ্রেটেস্ট শোম্যানের ঘোষণার পাশাপাশি আরো দুই সুপরিচিত সিনেমা ‘ফ্রোজেন’ ও ‘হারকিউলিস’কেও মঞ্চ রূপ দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়ের টিজার মুক্তি পেয়েছে। প্রতিক্রিয়ায় দর্শকের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। পুরো আয়োজনের তদারক করবে ডিজনির মঞ্চনাটক বিভাগ। এর আগেও মঞ্চে দেখা গেছে ‘আলাদিন’, ‘ফ্রোজেন’ ও ‘দ্য লায়ন কিং’। দেখা সিনেমার নাট্যরূপ উপভোগ করার জন্য দর্শক দেখিয়েছে বাড়তি কৌতূহল। তবে এখন পর্যন্ত মঞ্চনাটকের তারিখ ও ভেন্যু প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের ব্রিস্টলে যাবে প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে তারা নাটক প্রদর্শন করবে। কেউ কেউ বিষয়টিকে দ্য গ্রেটেস্ট শোম্যান বলেই বুঝে নিয়েছেন।
শোর পরিচালক হিসেবে থাকবেন ক্যাসি নিকোল। এর আগে তিনি আলাদিনের নাট্যরূপ দিয়েছিলেন। এছাড়া কাজ করেছেন মিউজিক্যাল ফিল্ম ‘দ্য প্রম’ নিয়েও। তবে এখন পর্যন্ত জানা তথ্য দিয়ে প্রযোজনার সঙ্গে হিউ জ্যাকম্যানের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়নি। তার পরও এ কথা নিশ্চিত মনে করা হচ্ছে, তিনি আসবেন। কারণ এর আগে অনেকে তাকে উলভারিন হিসেবে দেখবে বলেও আন্দাজ করতে পারেননি। কিন্তু তিনি উলভারিন হয়ে এসেছেন। একইভাবে নাটকে থাকাটা বিস্ময়কর হবে বলে মনে করা হচ্ছে না।
সূত্র: ভ্যানিটি ফেয়ার









