নববিবাহিতা নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে অভিনন্দন জানিয়েছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। গতকাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নবদম্পতির ছবি শেয়ার করে প্রিয়াংকা লেখেন, ‘অভিনন্দন মালালা। জীবন সুখ ও আনন্দে কাটুক। আপনি একজন দূরদৃষ্টির মানুষ।’

গতকাল সবাইকে অনেকটা অবাক করে দিয়ে নতুন জীবন শুরুর কথা জানান নারীশিক্ষার অধিকার নিয়ে কাজ করায় শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। মালালার স্বামী আসসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা। বোর্ডের হাইপারফরম্যান্স সেন্টারের ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন তিনি। যুক্তরাজ্যের বার্মিংহামে তাদের বিয়ে হয়েছে। মঙ্গলবার রাতে টুইটারে নিজের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন মালালা।

২৪ বছর বয়সী পাকিস্তানের এ মানবাধিকারকর্মী লেখেন, ‘আজকের দিনটি আমার জীবনের জন্য মহামূল্যবান। আসসার আর আমি সারা জীবনের জন্য একত্র হয়েছি। স্বল্পপরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বার্মিংহামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই।’

গত বছরও অক্সর্ফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করায় মালালাকে অভিনন্দন জানিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া।

পাকিস্তানের সোয়াত উপত্যকায় ১৯৯৭ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেন মালালা ইউসুফজাই। পাকিস্তানে তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করতেন তিনি। ২০১২ সালে তালেবান জঙ্গিরা মালালাকে গুলি করলেও ভাগ্যক্রমে বেঁচে যান। সে সময় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেয়া হয়। এর পর থেকে পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন মালালা।

পিছিয়ে থাকা নারীর শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা ইউসুফজাই। ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পান তিনি। ২০২০ সালে অক্সর্ফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন মালালা।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া